সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কী হবে ট্রাম্পের ভাগ্যে?

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া
কী হবে ট্রাম্পের ভাগ্যে?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুক্রবার থেকে রোববার- এ দুই দিন বিশ্বে সবচেয়ে আলোচিত-সমালোচিত খবর হলো নারীদের নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য।

 

শুক্রবার ওয়াশিংটন পোস্ট ও রোববার সিএনএনে প্রকাশিত হয় ট্রাম্পের পুরোনো কিছু রেকর্ডিং। এতে স্পষ্ট হয়- রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প চিন্তা-ভাবনায় নারীবিদ্বেষী এবং নারীদের তিনি ভোগের সামগ্রী মনে করেন। এমন কী নিজের মেয়ে ইভানকার সম্পর্কেও তিনি বিব্রতকর মন্তব্য করেছেন, যা একজন বাবার পক্ষে সহ্য করাও কঠিন।

 

নারীদের বিষয়ে তার বিশ্বাস, ‘স্টার হলে আপনি নারীদের সঙ্গে যা ইচ্ছা করতে পারেন।’ এ ছাড়া নারীদের সঙ্গ পেতে তিনি কী কী করেছেন, তাও উঠে এসেছে এসব রেকর্ডে। এসব শুনে তার বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পও বিব্রত হয়েছেন। তিনি বলেছেন, ‘যে ট্রাম্পকে আমি চিনি, এ সে নয়।’

 

পারিবারিকভাবে ট্রাম্প বিচলিত। দলের ভেতরেও তিনি নিন্দিত। তার বক্তব্যকে কেউ গ্রহণ করেননি। দলের শীর্ষ নেতাদের বড় অংশ তাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু ট্রাম্প বলেছেন, তিনি সরবেন না, কখনো না।

 

এ অবস্থায় ট্রাম্পের ভাগ্যে কী হতে যাচ্ছে- তা নিয়ে জলপনা-কল্পনা চলছে। প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর ক্রমেই চাপ বাড়ছে। এরই মধ্যে দ্বিতীয় টেলিভিশন বিতর্কে তিনি প্রতিপক্ষের প্রার্থী হিলারি ক্লিনটনের মুখোমুখি হতে যাচ্ছেন।

 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ট্রাম্পের ওপর চাপ এতটাই বেশি- যেকোনো সময় তিনি এ ধরনের ঘোষণা দিলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে সরে দাঁড়ানোর বিষয়টি এখন শুধু তার ওপর নির্ভর করছে। এ ক্ষেত্রে দল বা শীর্ষ নেতাদের কিছু করার নেই। দলীয় ভাবমূর্তি রক্ষা করতে রিপাবালিকান জাতীয় কমিটি উদ্যোগ নিয়ে তার ওপর চাপ বাড়াতে পারে- কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

 

রিপাবলিকান জাতীয় কমিটির গঠনতন্ত্র ঘেঁটে দেখা গেছে, ৯ নম্বর ধারায় দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিষয়ে বলা হয়েছে। এ ধারা অনুযায়ী, তিনটি কারণে বিকল্প প্রার্থী দিতে পারে দল। প্রার্থী মারা গেলে, প্রার্থিতা প্রত্যাহার করলে এবং অন্যান্য কারণে।

 

প্রার্থী মারা যাওয়ার ইস্যুটি বাদ দিলে থাকে দুটি কারণ- প্রার্থিতা প্রত্যাহার ও অন্যান্য কারণ। ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। এখন রিপাবলিকান জাতীয় পার্টির হাতে আছে ‘অন্যান্য কারণ’ ইস্যুটি। তবে এটি প্রয়োগ করা খুবই কঠিন এবং বিরল ঘটনা। প্রার্থী যদি এমন কোনো অবস্থায় পড়েন- তিনি মারাত্মক অসুস্থ, কথা বলার ক্ষমতা হারিয়েছেন, কোমায় চলে গেছেন অথবা অন্যান্য মরণব্যাধী ধরা পড়েছে, যেখানে তার বেঁচে থাকার সম্ভাবনা কম, সেক্ষেত্রে জাতীয় কমিটি বিকল্প প্রার্থী দিতে পারেন।

 

তবে বিকল্প প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও জটিল। জাতীয় কনভেনশনে যতসংখ্যক ডেলিগেট ভোট দেন, সেই একইসংখ্যক ডেলিগেটকে একত্র করে তাদের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করতে হয়।

 

ডোনাল্ড ট্রাম্পের সরে দাঁড়ানোর ইস্যু সামনে চলে আসার পর বিকল্প প্রার্থী হিসেবে নাম আসছে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী অর্থাৎ ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স। তবে সত্যি যদি ট্রাম্প সরে দাঁড়ান, তাহলে মাইক পেন্সকে ডেলিগেটদের ভোটে মনোনয়ন নিশ্চিত করে প্রার্থিতা করতে হবে।

সূত্র: রাইজিংবিডি