সিল্কসিটিনিউজ ডেস্ক:
নোয়াখালীর সুবর্ণচরে ৩০ ডিসেম্বর ঘরে ঢুকে স্বামী-সন্তানদের বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনাকে তিনি ‘মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত লোমহর্ষক’ বলে মন্তব্য করেন।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, এই ঘটনা জাতি হিসেবে আমাদের অত্যন্ত হেয়প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করা কঠিন। এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত।
হুকুমের আসামিসহ কয়েকজনের নাম এজাহার থেকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
এ ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে।
তিনি বলেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দেশের জনগণকেই উদ্যোগী হতে হবে।
ড. কামাল হোসেন আরও বলেন, এ লজ্জা ওই গৃহবধূর নয় বরং এ লজ্জা সমগ্র জাতির। এ নির্যাতন আমাদের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের ওপর।










