বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় চাঁদপুর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে শিক্ষকদের পুলিশী হয়রানীর অভিযোগ এনে এ ঘটনায় দায়ী অধ্যক্ষের অপসারন দাাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জনের ঘোষনা দিয়েছে শিক্ষক-কর্মচারী। একই সাথে শিক্ষক-শিক্ষার্থীরা একই দাবিতে মানব বন্ধন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কলেজের সামনে এ মানব বন্ধন করে। মানব বন্ধনে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফর রহমান ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল কালাম বক্তব্য দেন ।

মানব-বন্ধনে ভুয়া ও নিয়োগবিহীন অধ্যক্ষ দাবি করে শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন, নিজের নিয়োগ জটিলতায় নিয়ে দীর্ঘদিন থেকে অধ্যক্ষ মকবুল হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতির সাথে জটিলতা চলছে। এ ঘটনায় শিক্ষকদের দায়ী করে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ পুলিশ পাঠিয়ে শিক্ষকদের হয়রানী করেন। এতে ফুঁসে ওঠে শিক্ষক-কর্মচারী। পরদিন বৃহস্পতিবার এঘটনার প্রতিবাদে এবং অধ্যক্ষের অপসারন দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাশ বর্জনের ঘোষনা দেন। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বন্ধ করার বিভ্ন্নি অপচেষ্টার অভিযোগও আনা হয়।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই রোস্তম আলী বলেন, অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলাম মাত্র। সেখানে শিক্ষক-কর্মচারীদের হয়রানী বা কোনরুপ অশোভন আচরনের অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ বলেন, অধ্যক্ষের নিয়োগসহ নানা অনিয়মের কারনে উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। ইতি মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঘটনা তদন্ত করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স/অ










