সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা ৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের প্রত্যন্ত হাওরাঞ্চলের দৃশ্যমান উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আবারও নৌকায় ভোট চাইলেন ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেবেকা মমিন এমপি।
রবিবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ডিঙ্গাপোতা হাওরের চিকাডুবি নামক ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপস্থিত হাজারো নারী-পুরুষের উদ্দেশে এ আহ্বান জানান।

নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ প্রার্থী রেবেকা মমিন এমপি তাঁর এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের ১০ বছরে আমি প্রত্যন্ত হাওরাঞ্চলের মোহনগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বিদ্যুৎ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণ, রেললাইনের পুনঃসংস্কারসহ মোহনগঞ্জ থেকে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন চালু, অনেক মসজিদ, মন্দির, গোরস্থান, শ্মশান ঘাট ও ঈদগাহ উন্নয়ন ও সংস্কারকরণ ছাড়াও উপজেলার একমাত্র চর হাইজদা ফসল রক্ষা বাঁধ নির্মাণ, ধনু ও কংশ নদীর খনন কার্যক্রমসহ ব্যাপক উন্নয়ন করেছি।
রেবেকা মমিন আরো বলেন, মোহনগঞ্জ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ, পৌর শিশু পার্ক স্থাপন, মিনি স্টেডিয়াম নির্মাণ, ডাকবাংলা ও অডিটরিয়াম নির্মাণ, নান্দনিক ঐতিহ্যবাহী শিয়ালজানি খাল খনন কার্যক্রম ও ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম নির্মাণ কার্যক্রম গ্রহণসহ আরো অসংখ্য উন্নয়ন কাজ করেছি যার ফিরিস্তি বলে শেষ করা যাবে না। আর এসব উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো তাঁকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গাগলাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জানু মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশাল নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, সহসভাপতি কাজী হাবিব, আইনবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা লুত্ফুর রহমান নবাব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম কামালসহ আরো অনেকেই।










