সিল্কিসিটিনিউজ ডেস্ক:
বাসে করে ঢাকা থেকে রওনা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্থানে স্থানে বিশেষ করে বাজার এলাকায় চোখে পড়ে পোস্টারের ছড়াছড়ি, তবে বেশির ভাগই নৌকা প্রতীকের প্রার্থীদের। মাঝে-মধ্যে হাতপাখা বা মই প্রতীকেরও পোস্টারের দেখা মিলছিল। কুমিল্লার গৌরীপুর ও চৌদ্দগ্রামে ধানের শীষের পোস্টারও ঝুলতে দেখা যায়। কুমিল্লা ও লাকসাম হয়ে নোয়াখালী শহরে ঢোকার পথে সোনাইমুড়ি যেন বহু অপেক্ষার পর স্বাগত জানাল। ঢাকা থেকে নোয়াখালী—চার ঘণ্টার পথ। তা এখন দ্বিগুণ হয়ে ঠেকেছে প্রায় আট ঘণ্টায়।
ঢাকা-চট্টগ্রাম চার লেন মসৃণই। তবে মেঘনা ও গোমতী সেতুর যানজট খেয়ে ফেলে যাত্রার অর্ধেক সময়। এই চার লেন মহাসড়কটি হয়েছে যে মন্ত্রণালয়ের অধীন, তার মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। ওবায়দুল কাদেরের নিজ জেলা নোয়াখালী। তাঁর জেলায় ঢোকার পথও প্রশস্ত, মসৃণ করার চেষ্টা চলছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি দুই লেন থেকে চার লেন করার কাজ শুরু হয়েছে তিন মাস ধরে। মাটি ভরাটের কাজ এগোচ্ছে—তা গতকাল শুক্রবারও চলছিল বেগমগঞ্জসহ বিভিন্ন স্থানে।

নোয়াখালীতে ঢুকে সোনাইমুড়ি, বজরা, বেগমগঞ্জ চৌরাস্তা, মাইজদী বাজার, মাইজদী, নোয়াখালী মূল শহরের বিভিন্ন স্থানে বেশির ভাগ পোস্টারই নৌকার। তবে কি আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি প্রার্থীদের প্রচারণা প্রকাশ্যে নেই নোয়াখালীতে? সোনাইমুড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ভোটার হাতিম আলী বললেন, ধানের শীষের প্রচারণা দেখা যাচ্ছে না, ভেতরে ভেতরে চলছে। তাঁর পাশে দাঁড়ানো কৃষক নজর আলী বললেন, বাধা দেওয়া হচ্ছে। তবে আড়ালে ভোটারদের কাছে গিয়ে তাদের মন গলানোর চেষ্টা করছে বিএনপির লোকজন। আওয়ামী লীগের সমর্থক নেহার উদ্দিন অবশ্য বললেন, ‘সরকারের ১০ বছরের উন্নয়ন আছে। কিন্তু বিএনপির তা নেই। কী নিয়ে তারা মানুষের কাছে ভোট চাইবে?’
নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান। মাইজদীতে গতকাল বিকেলে হাঁটতে হাঁটতে তাঁর এক সমর্থক নাম প্রকাশ না করার শর্তে বললেন, ‘গ্রেপ্তারের ভয়ে পোস্টার ততটা লাগানো হচ্ছে না ধানের শীষের। তবে আমাদের নেতা বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই নোয়াখালী আলোচনায় উঠে এসেছে বারবার। জেলার ছয়টি আসন, তার পাঁচটিতেই সহিংসতা, সংঘর্ষ হয়েছে। গত ১৫ ডিসেম্বর নোয়াখালী-১ আসনের সোনাইমুড়িতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধলে গুলিবিদ্ধ হন বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। আওয়ামী লীগ কার্যালয়েও হামলা হয়েছিল।
প্রচারনা শুরুর পর একটি প্রাণহানির ঘটনা ঘটে। তা ঘটে নোয়াখালী-৪ আসনে। প্রচারণার শুরুতে গত ১১ ডিসেম্বর জেলা সদরের এওজবালী ইউনিয়নের চর শুল্লকিয়া গ্রামে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ খুন হন। আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষও বলছে, বিএনপির সন্ত্রাসীরা হানিফের চোখে মরিচের গুঁড়ো ঢেলে ও ইট দিয়ে মাথা থেঁতলানোর পর পায়ে গুলি চালায় এবং মারা যান হানিফ। এরপর থেকে বিএনপি মাঠে কোণঠাসা।
নোয়াখালী-৪ আসনটি সুবর্ণচর ও নোয়াখালী সদর নিয়ে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী একরামুল করিম চৌধুরী। তাঁর সমর্থকরা নৌকার প্রতীক নিয়ে পুরোমাত্রায় প্রচারণার তুঙ্গে মেতেছে। মাইজদী পুরান বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা থেকে ভেসে আসছিল উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান।
জেলা বিএনপির অভিযোগ, নোয়াখালীতে চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন স্থানীয় এমপির ছেলের বৈঠকে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ওসির গাড়িতে বর্তমান এমপির নির্বাচনী স্টিকার লাগানো দেখা যাচ্ছে। সদর ও সুধারামপুর দুই থানার ওসি নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের সুবিধা দিচ্ছেন, এমন অভিযোগও তোলেন তাঁরা।
তবে চরজব্বর থানার ওসি অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালী-৫ আসনে ভোটারদের মন জয় করতে নৌকার প্রার্থী সড়কমন্ত্রী ওবায়দুল কাদের ঘন ঘন পথসভা, নারী সমাবেশ ও গণসংযোগ করছেন। গতকালও কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে গণসংযোগকালে উচ্ছল ছিলেন তিনি। তিনি কে টি এম হাট, চর পার্বতী, মেহেরুননেছা, চৌধুরীহাটে পথসভা ও নারী সমাবেশ করেন। বিকেলে কবিরহাট উপজেলার নরসিংহপুর ও চাপরাশির হাটে মহিলা সমাবেশ করেন।
এর মধ্যে একটি গণসংযোগ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আমি উনাকে (মওদুদ) বলতে চাই—আমি বসন্তের কোকিল নই। ভোট আসলে এলাকায় আসব, আর ভোট চলে গেলে এলাকা ছেড়ে চলে যাব।’
ওবায়দুল কাদেরের সঙ্গে এ আসনে লড়তে চাইছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি অভিযোগ করছেন, তাঁকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। তাই অধিকাংশ সময় গৃহবন্দি থেকে প্রচারণা চালাতে হচ্ছে তাঁকে। তবে গতকাল কবিরহাট উপজেলার কাচারিবাজার, করমবক্স বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।










