সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মাঠ ছাড়ব না

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৮৩ মিনিট পড়া
মাঠ ছাড়ব না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুণ্যভূমি বলে খ্যাত সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বুধবার হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে প্রচার শুরুর ঘোষণা দেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এ সময় তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ দুই নম্বরি করতে না পারে।

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু উপলক্ষে গতকাল বিকেল সোয়া ৪টায় সিলেট আসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, ফ্রন্ট নেতা কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব প্রমুখ। বিকেল পৌনে ৫টার দিকে তাঁরা শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে মাগরিবের নামাজ শেষে দরগা এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. কামাল হোসেন।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর কথা রাখেননি। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলেন, কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। প্রতিদিনই ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতাকর্মীকে ব্যাপক ধরপাকড় করছে পুলিশ।’ জাতীয় ঐক্যফ্রন্ট কোনো অবস্থায় নির্বাচন বর্জন করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জনের কোনো সম্ভাবনা নেই। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আছে এবং থাকবে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট মাঠ ছাড়বে না।’

পরে মাজারের প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন ড. কামাল হোসেন। এ সময় তিনি দেশবাসীকে উদ্দেশ করে বলেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ আদায় করতে সকাল থেকে কেন্দ্রে ভোট দিতে যাবেন। যাতে করে আপনাদের ভোট আর কেউ দিতে না পারে।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রগুলো পাহারা দেবেন, যাতে সেখানে কোনো দুই নম্বরি হতে না পারে।’ তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলো স্বাধীনতার একটা দিক। সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মালিক জনগণ আর মালিক থাকে না। মালিক না থাকলে স্বাধীনতা হারাব আমরা।’ জনগণকে মালিকানা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যখন আপনার বাড়ি দখল করতে কেউ আসে তখন সবাইকে নিয়ে আপনার মালিকানা রক্ষা করতে হয়। আজ রাষ্ট্রীয় ক্ষমতার মালিকদেরও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কেন ঐক্যের ডাক দিয়েছি? ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা দাঁড়াই তাহলে কারো অসৎ উদ্দেশ্য থাকলে সেটা হাসিল করতে পারবে না।’

ঐক্যের ডাকে সিলেটে আশাতীত সাড়া পেয়েছেন জানিয়ে কামাল হোসেন বলেন, ‘ঐক্যের ডাকে অসাধারণ সাড়া পড়েছে সেটা আপনারাও লক্ষ করেছেন। খুব কম সময়ের জন্য এসেছি, কিন্তু মানুষের যে আগ্রহ তাদের ভোটাধিকারের জন্য, এটাই বলছে মানুষ জানে যে এটা তাদের মালিকানা।’

নির্বাচনের আগে যত জায়গায় সম্ভব যাবেন—আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, ‘জনগণকে এ কথা বলবেন যে আপনারা দেশের মালিক। মালিকানা রক্ষা করেন। ভোট দিতে না পারলে আপনারা মালিকানা থেকে বঞ্চিত হবেন। এটা সবাইকে বুঝতে হবে। (অন্যথায়) দেশ ধ্বংসে চলে যাবে।’ নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অনেক ঘাটতি দেখা যাচ্ছে। সরকার, পুলিশ, প্রশাসনসহ সকলেরই কর্তব্য হবে জনগণের অধিকার রক্ষা করা। সরকারের অসৎ কোনো উদ্দেশ্যকে না সমর্থন করা।’ তিনি বলেন, ‘শাহজালালের (রহ.) মাজারে এসে দোয়া নিয়ে আমরা বলেছি যে যাঁরা ভোটার আছেন, স্বাধীনভাবে-নিরপেক্ষভাবে নিজেদের ভোট দিয়ে উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত করবেন।’ তিনি বলেন, ‘আমরা ইতিবাচকভাবে বলছি—নির্বাচনে আমরা আছি, থাকব। জনগণ তাদের অধিকার ভোগ করবে, তাদের ভোট দেবে। নির্বাচিত প্রতিনিধিরা এ দেশের রাষ্ট্রকে নিয়ন্ত্রণে নেবেন।’

পরে ড. কামাল হোসেন হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। গতকাল রাতেই তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।

এদিকে ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও আ স ম আবদুর সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমায় এবং বিএনপির নজরুল ইসলাম খান ও কাদের সিদ্দিকী সিলেট-৪ আসনের জৈন্তাপুরে পৃথক পথসভায় বক্তব্য দেন।