সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিইসির কাছে নির্দেশনা পাঠানো হয়’

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৮৩ মিনিট পড়া
‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিইসির কাছে নির্দেশনা পাঠানো হয়’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিইসির কাছে বার্তাবাহকের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্দেশনা পাঠানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধান নির্বাচন কমিশনারের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আসন্ন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে তাদের ভূমিকা ক্ষমতাসীন দলের স্বার্থের পক্ষে বলে জনশ্রুতি রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম নিয়মিত তাদের সঙ্গে ফোনে নির্বাচনের বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে থাকেন বলেও জনান্তিকে নানা কথা ভেসে বেড়ায়।

‘সরকারের এজেন্ডা বাস্তবায়নের মূল দায়িত্ব তাদের মধ্যে সিনিয়র একজনকে দেয়া হয়েছে। এই কমিশনারের মাধ্যমে ইসিকে এইচটি ইমাম সব ধরনের নির্দেশনা দেন।’

বিএনপির এ নেতার অভিযোগ, রিটার্নিং অফিসারদের নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল স্থাপন করা হয়েছে। ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সেলের কাছে থেকে পরামর্শ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহীদের প্রার্থিতা বাতিল করা হয়।

নির্বাচন কমিশনও আপিলে স্বতন্ত্র প্রার্থিতা বহালের ক্ষেত্রে ওই নির্দেশনা অনুসরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

‘সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারককে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সেলের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে,’ বলেন রিজভী।

তিনি আরও বলেন, ‘ভোটে কারচুপির জন্য জোন ভাগ করে পুলিশের ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগর, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগে অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও এআইজি র‌্যাংকের অফিসারদের দায়িত্ব দেয়া হয়েছে।

রাজশাহী ও রংপুর জোনে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডিআইজি ও এআইজি পদমর্যাদার অফিসারদের দায়িত্ব দেয়া হয়েছে।

খুলনা ও বরিশাল জোনেও একইভাবে এসবির অতিরিক্ত আইজি, ডিআইজি এবং সমন্বয়কের দায়িত্বে আছেন পুলিশ সদর দফতরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।’

পুলিশের দায়িত্বপ্রাপ্তরা ইতিমধ্যে সংশ্লিষ্ট জোনগুলোর বৈঠক সম্পন্ন করেছেন বলে দাবি করেন বিএনপির এ নেতা।

রিজভী বলেন, পুলিশের এই ১২ কর্মকর্তা ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত কেন্দ্রভিত্তিক আওয়ামী লীগ-বিএনপির কেন্দ্রের তালিকা, কেন্দ্রভিত্তিক হিন্দু ভোটারদের অবস্থান, কেন্দ্রভিত্তিক বিএনপির অবস্থান, কেন্দ্রভিত্তিক বিএনপির প্রভাবশালীদের নামের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন।

‘নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ব্যালটের বাইরে অতিরিক্ত ব্যালট ছাপানো হবে, যা থানায় ভোটের আগে সংরক্ষণ করে রাখা হবে। প্রয়োজনমতো ব্যালট বাক্সে ঢোকানো হবে,’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, প্রস্তুত করে রাখা নকল সিল-প্যাড প্রিসাইডিং অফিসারদের সরবরাহ করবে পুলিশ। নির্বাচন কমিশনে মূল সিল-প্যাড এবং স্বাক্ষর থাকবে আর বিএনপির পোলিং এজেন্টদের নকল সিল-প্যাড ও স্বাক্ষরে মূল ফলসংবলিত শিট সরবরাহ করা হবে।

প্রিসাইডিং অফিসারদের মূল স্বাক্ষরে ফল শিটে ভোট গণনা পরিবর্তন করে রিটার্নিং অফিসারকে প্রেরণ করার নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআইকে পর্যবেক্ষকদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাটি ইলেকশন ওয়ার্কিং ফোরাম নামে ইসির নিবন্ধিত ২০ সংস্থার ব্যানারে একটি মোর্চা গঠন করেছে।

‘এই মোর্চার অধীনে ২০ হাজার দেশীয় নির্বাচন পর্যবেক্ষকের তালিকা প্রস্তুত করছে, যারা নির্বাচনের দিন আওয়ামী লীগের পক্ষে ভোটকেন্দ্রে থাকবে। এ বিষয়গুলো সমন্বয় করছে সাবেক ও বর্তমান ছাত্রলীগমনাদের নিয়ে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটি।’

আওয়ামী লীগ সারা দেশে দুই লাখ পোলিং এজেন্টকে বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। নিয়ন্ত্রিত ভোট করার বিষয়ে তাদের ভোটকেন্দ্রে অবস্থানের কৌশল শেখানো হচ্ছে বলে দাবি করেন রিজভী।