মোস্তাফিজ মিশু:
চরখিদিরপুরের ফিরোজা বেগম। ছেলে-মেয়ে চারজন। বড় ছেলে বাদে পড়ালেখায় সবাই। একমাত্র মেয়ে পড়ছে চরখিদিরপুরের প্রথম আলো ট্রাস্ট্রের স্কুলে। নবম শ্রেণিতে। মেয়েকে পড়ানোর ইচ্ছে-আগ্রহ দুটোই থাকলেও এখন দুশ্চিন্তায় আছেন ফিরোজা বেগম। মেয়ের স্কুলটিও যে নদীগর্ভে বিলীনের পথে।
চরখিদিপুরের যে অংশে ফিরোজা বেগমের মেয়ের স্কুল, তার কাছাকাছি এসেছে পদ্মা নদীর ভাঙন। ফিরোজার মতে, ভাঙন শুরু হলে দুই-একদিনেই তলিয়ে যাবে স্কুলটি। স্কুল নিয়ে মায়ের চেয়ে কয়েকগুন বেশি দুশ্চিন্তায় মেয়ে রানী খাতুন। ‘প্রিয় স্কুলটিও যদি নদীগর্ভে চলে যায়, তবে পড়বো কোথায়? প্রশ্ন রানীর।
চরখিদিরপুর রাজশাহীর পবা উপজেলার ছোট্ট ভূখণ্ড। চরখিদিরপুরের পাশেই চরতারানগর। এলাকাবাসী জানিয়েছে, চরখিদিরপুর ও তারানগরের মোট জনসংখ্যা প্রায় তিন হাজার। এদের মধ্যে শিশু ও নারীদের সংখ্যা বেশি। পড়াখেলার আগ্রহ আছে বিপুল সংখ্যক ছেলে-মেয়ের। আগ্রহ ও চাহিদা অনুযায়ী গড়ে উঠেনি শিক্ষা প্রতিষ্ঠান। চরখিদিরপুর ও চরতারানগরজুড়ে রয়েছে মাত্র দুইটি শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যে একটি চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরটি প্রথম আলো ট্রাস্ট্রের পরিচালিত চরখিদিুপুরপর উচ্চ বিদ্যালয়। এখানে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

বিদ্যালয় সূত্র জানায়, চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় আড়াইশ। এরমধ্যে ছাত্র ৫০জন ও ছাত্রী দুইশ জন। আর অপর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ৪০জন। এরমধ্যে ৩০জনই ছাত্রী। আর ১০জন ছাত্র। এই চরদুটিতে শিক্ষার হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছেলেদের চেয়ে মেয়েদের পড়ালেখায় আগ্রহ বেশি থাকায় মেয়েরা শিক্ষার হারে এগিয়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল শুক্রবার সরেজমিনে চরখিদিরপুর প্রথম আলো ট্রাস্ট্রের স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের খুব কাছাকাছি এসেছে পদ্মা নদীর ভাঙন। স্কুল থেকে ভাঙনের দূরত্বমাত্র প্রায় একশ থেকে দেড়শ গজ।
সাংবাদিক আসার খবরে স্কুলে ছুটে এসেছে সাতজন ছাত্রী ও একজন ছাত্র। স্কুলের শ্রেণিকক্ষেই কথা হয় তাদের সাথে। তারা জানালো তাদের ইচ্ছে, আগ্রহ ও ক্ষোভের কথা।


স্কুলের নবম শ্রেণির ছাত্রী সখিনা খাতুন সিল্কসিটি নিউজকে জানান, চর-তারানগর প্রাথমিক বিদ্যায়লয় থেকে পাশ করে এই স্কুলে ভর্তি হয়েছে সে। আগে যখন এই স্কুলটি ছিল না তখন প্রাথমিক পাস করার সাথে সাথে বাবা-মা তাদের মেয়েদের বিয়ে দিয়ে দিত। এখন এই শিক্ষপ্রতিষ্ঠান হয়ে সেটা অনেক কমে গেছে। এখন তারা পড়াশোনার সুযোগ পেয়েছে। তবে নদীর ভাঙন স্কুলের কাছাকাছি আসায় দুশ্চিন্তা আর শঙ্কায় আছে শিক্ষার্থীরা।
৮ম শ্রেণির ছাত্রী মাহফুজা খাতুন বলে, স্কুলের কারণে পড়ালেখার সুযোগ পেয়েছি, রক্ষা পেয়েছি বাল্য বিয়ের হাত থেকে। কিন্তু প্রিয় এই স্কুলটিও এখন গ্রাস করতে বসেছে পদ্মা। স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মিন্টু বলে, আমাদের অনেকদূর পর্যন্ত পড়ালেখার অনেক আগ্রহ আছে। কিন্তু এখানে তেমন ব্যবস্থা নেই। শিক্ষার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। শিক্ষার্থীদের ভাষ্য, অষ্টম, নবম ও দশম শ্রেণিতে অনেক পড়াশোনা। আমরা স্কুলের বাইরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আগ্রহী। কিন্তু শিক্ষক পাওয়া যায় না।
চরখিদিরপুরের বাসিন্দা লাল্টু হোসেন। বাঘা থেকে এখানে এসে বিয়ে করে বসতি গড়েছেন। লাল্টু হোসেন জানান, তার চার ছেলে-মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। বাকি তিনজন এখানকার প্রাইমারি স্কুলে পড়ছে। শুধু লাল্টু হোসেন নয়, চরখিদিরপুর ও তারানগরের বেশির ভাগ বাড়ির ছেলে-মেয়েরা পড়াশোনায় আছে। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় কিছু অভিভাবক ছেলে মেয়েদের পড়াশোনায় লাগাননি।
স্থানীয় রমজান আলী বলেন, ছেলে-মেয়েদের পড়াশোনার যদি আরো ভালো ব্যবস্থা থাকতো। তবে শিক্ষার হার অনেক বেড়ে যেত। ১০ শ্রেণি পর্যন্ত পড়া স্কুলটিতে নেই পর্যাপ্ত শিক্ষক। মাত্র পাঁচজন শিক্ষক আছে। তারা শহর থেকে এসে স্কুলে বেশিক্ষণ থাকেন না। ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে না। সরকারের পক্ষ থেকে এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীরা পড়াশোনার ভালো সুযোগ পেত। তাদের ভবিষ্যৎ আলোকিত হত।
স্থানীয় নারী ইউপি সদস্য কোহিনূর বেগম বলেন, চরে ছেলেদের চেয়ে মেয়েদের পড়াশোনায় বেশি আগ্রহী। ভালো স্কুল নেই, নেই শিক্ষক। এছাড়া আরো অনেক সমস্যা থাকার পর আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা করছে এটাই অনেক বড়।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উপর অনেক জোর দিয়েছে। এই সরকারের উচিত এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। সুযোগ পেলে চরের শিক্ষার্থীরাও নিজেদের পাশাপাশি তাদের পরিবার ও দেশকে আলোকিত করতে পারবে। দুঃখ, কষ্ট ও আর্থিক অচ্ছলতা ঘোচাতে পারের তাদের বাবা-মায়ের। পাবে সুন্দর জীবন।
স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা সিল্কসিটি নিউজকে বলেন, শিক্ষা ছাড়া এখন দেশ চলবে? চলবে না। শিক্ষার কত মূল্য সেটি সবাই বুঝে গেছে। চরের ছেলে-মেয়েদের বাবা-মা তাদের সন্তানদের পড়ালেখায় অনেক আগ্রহী। আগে এটি কম থাকলেও এখন বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী নেই শিক্ষার ব্যবস্থা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোক্তাদির হোসেনের অফিসের টেলিফোন নম্বরে বারবার করা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, চরে শিক্ষকরা গিয়ে পড়াতে তেমন আগ্রহ দেখান না। সেজন্য দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও শিক্ষাথীদের পড়াশোনা কিছুটা বিঘ্ন হচ্ছে। তবে আমদের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে সেখানে শিক্ষকরা যাচ্ছেন কিনা। শিক্ষকদের বিরুদ্ধে ফাঁকিবাজির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/মি










