নাসিম বলেন, ‘তেলে-জলে না মিশলেও, ৭১’র পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত জোটের সঙ্গে ড.কামাল ঠিকই মিশে গেছেন। এই বর্ণচোরাদের টার্গেটই হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানো। যারা একদিন বঙ্গবন্ধুর অনুকম্পা পেয়েছিল, আনুগত্য পেয়েছিল, তারই এখন ওইসব অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধু কন্যাকে উৎখাতে গভীর চক্রান্ত করছে।’
নাসিম আরও বলেন, ‘ড. কামাল শেখ হাসিনাকে সহ্য করতে পারেন না তার প্রধান কারণ হলো, উনি তাঁকে পুতুল সভাপতি বানাতে চেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। হতাশগ্রস্ত কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে তিনি একজোট হয়েছেন শেখ হাসিনাকে হটানোর জন্য। কিন্তু বঙ্গবন্ধুর সাহস ছিল বলেই এ দেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি তার কন্যারও সাহস আছে বলেই তিনি বার বার বিজয়ী হন। তিনি সন্ত্রাস ও জঙ্গি শক্ত হাতে দমন করেছেন বলে বাংলাদেশ আজ স্বস্তি ও শান্তির দেশ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশ অন্ধাকারে থাকলেও গত দশ বছরে দেশ আলোকিত হয়েছে। তাই বিশ্ব নেতারাও তাকে আবারও ক্ষমতায় দেখতে চাচ্ছেন।’
১৪ দলের মুখপাত্র বলেন, ‘জঙ্গিদের মাধ্যমে বিদেশিদের হত্যা করে বিদেশি বিনিয়োগ থমকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে এ দেশ সন্ত্রাস ও জঙ্গি মুক্ত হয়েছে। সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপ সাহস না পেলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন সাহসী পদক্ষেপের কারণেই দেশি-বিদেশি চক্রের এখন মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে—আওয়ামী লীগ নয়, বরং শেখ হাসিনাকে ঠেকাতে হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘আগামী নির্বাচনে বিজয়ী হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। বিএনপি-জামায়াত নাকে খত দিয়ে খেলার মাঠে এসেছে। তাই সতর্কতার সঙ্গে খেলেই তাদের পরাজিত করতে হবে। জেলার সবকটি আসনেই নৌকাকে জয়ী করার জন্য দ্বারে দ্বারে গিয়ে বিনয়ের সঙ্গে বিগত দশ বছরের উন্নয়নের চিত্র তুলে ভোট প্রার্থনা করতে হবে।’
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, চেম্বার প্রেসিডেন্ট ও সহ-সভপতি আবু ইউসুফ সুর্য্য, সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক দানি প্রমুখ।