সিল্কসিটিনিউজ ডেস্ক:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘জিয়া পরিষদ’ নামে এক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় মওদুদ আরও বলেন, ২১ আগস্টের ঘটনায় আমরা খুব মর্মাহত। এ ধরনের ঘটনা আর যেন বাংলাদেশের মাটিতে না ঘটে সেটাই আমরা কামনা করি। এ ধরনের ঘটনাকে ঘৃণা করি আমরা।
এ মামলায় যিনি সম্পৃক্ত ছিলেন না তাকে জড়িয়ে সরকার রাজনৈতিক ফায়দা নিতে চায় বলে মন্তব্য করেন বিএনপি নেতা।
নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার একটাই পথ, সেটা হলো রাজপথ। এছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাই প্রস্তুতি নিন, সময় এসে গেছে। মাঠে নেমে দাবি আদায় করতে হবে।
‘নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে দিল। ভোট পাওয়ার জন্য প্রত্যেক দিন তারা প্রকল্প উদ্বোধন করছে। এগুলো হলো নির্বাচনী প্রকল্প, দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য। সেই আশা পূর্ণ হবে না। যাদের খুশি করছে তাদের ৮০ ভাগও ভোট দেবে না এটা আওয়ামী লীগ জানে না।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন প্রমুখ। সূত্র: যুগান্তর










