সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্রের নামে তারা (সরকার) রাষ্ট্রের বারোটা বাজাচ্ছে। তারা কার সঙ্গে আলোচনা করে রাষ্ট্র চালাচ্ছে? গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার জন্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পাড়া-মহল্লায় গিয়ে মানুষকে জাতীয় ঐক্যের কথা বোঝাতে হবে।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ঐক্য চাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, দলের ঐক্য হলে দরকষাকষি হবে, আমরা সেটা চাচ্ছি না। আমরা জনগণের ঐক্যের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

ড. কামাল হোসেন বলেন, দেশের মালিক জনগণ। অনেকের মধ্যে ধারণা হয়েছে, যাদের কালো টাকা আছে তারাই মালিক। কালো টাকাকে কাজে লাগানো হয়েছে ক্ষমতা থেকে আসল মালিকদের (জনগণ) দূরে সরিয়ে দেয়ার জন্য। আমি আজ আনন্দবোধ করছি যে, আমি কোনো কালো টাকার মালিক নই।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বুধবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের অপরিহার্যতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্য প্রক্রিয়া। এতে কয়েকটি রাজনৈতিক দলের পাশাপাশি আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের সংবিধানে ৪টি মূলনীতি আছে উল্লেখ করে ড. কামাল বলেন, সংবিধান এখনও আছে। অনেক কাটাছেঁড়ার পরও মূলনীতি চারটা আছে। সেই মূলনীতি স্বীকৃতি দিচ্ছে, প্রত্যেক জনগণ হচ্ছে দেশের মালিক। তিনি বলেন, জনগণের ঐক্য চাই, বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। যারা অনৈক্য চায় তাদের মেলা কালো টাকা আছে, তাদের কন্ট্রোলে মাস্তান আছে এবং রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে মাস্তানরা আছে।
ড. কামাল বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। রিকশাচালককে জিজ্ঞাসা করুন, তোমরা নির্বাচনে কী চাও। সে বলবে পরিবর্তন আসুক। আমাদের ভাগ্যের পরিবর্তন, দেশের পরিবর্তন, যেটা ৪৬ বছর ধরে অপেক্ষা করছি। আমি বলতে চাই, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা পাড়া-মহল্লায় গিয়ে ?যুক্তি দিয়ে কথা বলুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে ৩০-৪০ জন্য অধ্যাপক নিয়োগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এবসার্ড, পাগলামি। কে করছে এগুলো? পাগল-ছাগলে দেশ চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগে ৪০ জন অধ্যাপক কোন যুক্তিতে করা হয়? এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন। আমি জবাব চাই। জবাব চাওয়ার আমার অধিকার আছে কিনা?
দেশের এ অবস্থার পরিবর্তনের জন্য জনপ্রতিনিধিত্বশীল সংসদ প্রয়োজন উল্লেখ করে সংবিধান প্রণেতা বলেন, প্রতিনিধিত্বশীল সংসদ প্রতিষ্ঠা করে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন নয়, জনগণের মালিকানাকে প্রাতিষ্ঠানিকতা দিতে আমাদের কাজ করতে হবে।
দলীয়করণকে রাষ্ট্রের এক নম্বর রোগ অভিহিত করে তিনি বলেন, দলীয়করণের ফলে দলের লোকরা অনেক কিছু পেয়ে যায়, যারা দলের লোক নয় তারা শুধু তাকিয়ে থাকে। এটা কী হওয়ার কথা ছিল স্বাধীনতার এত বছর পর?
২০১৪ সালের নির্বাচনের সময় আওয়ামী লীগের অবস্থানের কথা স্মরণ করে ড. কামাল বলেন, যারা নিজেরা বলেছে, অবস্থা মোকাবেলা করা এবং সংবিধানের নিয়ম রক্ষার জন্য এই নির্বাচন। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে খুব দ্রুতই অংশগ্রহণমূলক নির্বাচন দেয়া হবে। বলেছিলেন কিনা?
নির্বাচনকে কেন্দ্র করে ‘পায়ে ধুলো নেয়া’ লোকের ছোটাছুটি শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বাধীন দেশে নেতানেত্রীরা সেবাদাস হবে না, পায়ে ধুলো নেয়ার কালচার থাকতে পারে না। এই কালচারকে কবর দিতে হবে। ড. কামাল বলেন, তারা বলছে, সৃষ্টিকর্তা আমাদের রাজত্ব করার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এটা বলে শিরক করছেন। নিজেদের দুই নম্বরীর দায় সৃষ্টিকর্তার ওপর চাপাচ্ছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থার গুণগত পরিবর্তন আনতে এবং জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে সব শ্রেণী-পেশার মানুষকে ড. কামাল হোসেনের মতো মহীরুহের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়া অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ঐক্য কিছুই করতে পারবে না, কিছুই হবে না, তবে ভয় পাচ্ছেন কেন? এতই যদি কিছু না করার থাকে তাহলে উসকানি দিচ্ছেন কেন? সরকারের মন্ত্রী বলছেন, রাস্তায় নামো, পথে নামো, সব পণ্ড করে দেও। কারণটা কি? আপনারা ক্ষমতায় না থাকলে বলছেন এক লাখ লোক মারা যাবে। এখন তো আলামত দেখা যাচ্ছে ক্ষমতায় থাকলেও এক লাখ লোক মেরে ফেলবেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে গণতন্ত্র হত্যার পরিকল্পনার অংশ হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, জনগণকে কথা বলতে দিন। ক্ষমতাচ্যুত হলে অশান্তি, রক্তপাত এবং আপনাদের রক্ষা করতে জাতীয় ঐক্য প্রক্রিয়া করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে জনগণের ভোটাধিকার হরণ করেছে, এ দুঃসাহস কোথায় পায়? ভোট চুরি করে তারা জনগণের সম্পদ দখল করেছে। আবার তারা অন্যকে চোর বলে। আমি স্পষ্ট করে বলতে চাই- যারা ভোট চুরি করে, ক্ষমতা দখল করে, তাদের অধীনে কী সুষ্ঠু নির্বাচন হতে পারে?
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, জনগণের সরকার করতে হবে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে, যেমনি আমরা অতীতে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমার বিশ্বাস, জনগণেরই জয় হবে। আওয়ামী লীগ যারা করে তাদের বলব, জনগণের অধিকার আদায়ের জন্য আপনারাও আসেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশে গণতন্ত্র না গুণ্ডাতন্ত্র তা বোঝা যায় না। কতিপয় সুবিধাতন্ত্র চলছে। আজকে আমরা গণতন্ত্রের নামে স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করেছি। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর বলেন, জাতীয় ঐক্য হচ্ছে জনগণের মনের, হৃদয়ের প্রতিধ্বনি। খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্তি দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জনগণ জাতীয় ঐক্যের পক্ষে। আমি সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঢাকার ১২টি আসনে একটি দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন দেখবেন আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে। এটা না হলে আমি আর রাজনীতি করব না।
ড. কামালের সভাপতিত্বে ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন বেপারী, অধ্যাপক সিআর আবরার, সাংবাদিক মাহফুজউল্লাহ, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোশতাক আহমেদ, হাবিবুর রহমান, এটিএম গোলাম মওলা চৌধুরী, নুরুল হুদা নিলু চৌধুরী, ব্যবসায়ী নেতা মশিউর রহমান বাবু, এমএ হানিফ শরীফ প্রমুখ।
সভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের এমএ রকীব, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।










