নিজস্ব প্রতিবেদক:
শান্তি ও সহনশীলতা উন্নয়ন প্রচারে নাগরিক সাংবাদিকতায় সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) সদস্য হাদিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ মহা. হবিবুর রহমান। রবিবার দুপুর ২টায় অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, আরসিআরইউ’র সাধারণ সম্পাদক মীম ওবাইদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাবর মাহমুদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, সদস্য রিবিকা বালা প্রমূখ।

এ সময় অধ্যক্ষ বলেন, হাদিসুর ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির এই অর্জন রাজশাহী কলেজের সুনাম আরও বৃদ্ধি করেছে। তোমরা এগিয়ে যাও, এগিয়ে নাও দেশকে। আরসিআরইউ’র বিভিন্ন কার্যক্রমের প্রশংসাপূর্বক সকল প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি।
প্রসঙ্গত, শান্তি ও সহনশীলতা উন্নয়ন প্রচারে বেসরকারি গণমাধ্যম সংগঠন সমষ্টির উদ্যোগে ২০ সেপ্টেম্বর ঢাকায় ডেইলি স্টার সেন্টারে বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা ও রাজশাহীর মূলধারা ও নাগরিকসহ মোট ১৩ জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। সেখানে নাগরিক সাংবাদিক ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য হাদিসুর রহমান।
স/শা










