সিল্কসিটিনিউজ ডেস্ক:
পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন খালেদা জিয়াই একমাত্র বন্দি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো বিশাল একটি কারাগারে যখন অন্য কোনো বন্দি থাকে না, তখন সেখানে কারা জীবনযাপন করা কত দুঃসহ হতে পারে তা যারা এমন অবস্থায় পড়েননি তাদের পক্ষে অনুমান করাও কঠিন।
সরকার অবশ্য তার পরিচর্যার জন্য তারই একজন দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমাকে তার সঙ্গে থাকতে দিয়েছেন। এ নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষের অনেককেই মন্তব্য করতে শোনা যায়, ‘তার জন্য কেন একজন নিরীহ নিরপরাধ মানুষ কারাবাস করবে?’

টেলিভিশন চ্যানেলে একজন আলোচককে প্রায়ই বলতে শুনি, ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে একটি চলচ্চিত্র তৈরি হতে পারে যার নাম হবে, ‘ফাতেমা কেন জেলে?’ রাজনীতিতে থাকলে প্রতিপক্ষের ব্যঙ্গ-বিদ্রূপ ও বক্রোক্তির শিকার হতে হয়। এগুলো সহ্যও করতে হয়। যতদূর জানি ফাতেমা তার মনিবের অত্যন্ত অনুগত ও কাছের মানুষ।
ফাতেমা স্বেচ্ছায় তার মনিবকে এমন সেবা দিতে রাজি হয়েছে। তাই ফাতেমাও বন্দি জীবনযাপন করছেন, এমনটি দৃশ্যত মনে হলেও ফাতেমা নিজেকে বন্দি মনে করে না। মানুষ যা করে আনন্দ ও স্বস্তি পায় তেমন কাজ করতে পারলে তাকে বন্দিত্ব হিসেবে চিহ্নিত করা যাবে না। সেই মানুষই মুক্ত, যে মানুষ তার রুচি ও পছন্দমতো চলতে পারে।
খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মামলা আছে। সহজেই অনুমান করা যায়, এই মামলার বেড়াজাল থেকে তার মুক্তি লাভ হবে আশ্চর্যের বিষয়! তার বিরুদ্ধে এখন ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ মামলাটির বিচার চলছে। সংবাদপত্র সূত্রে যতটুকু জানতে পেরেছি তা থেকে বলা যায় মামলাটি এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
সরকার এখন তার বিচারের জন্য কারাগারের অভ্যন্তরেই বিচারালয় স্থাপন করেছে। অত্যন্ত তড়িঘড়ি করেই এ বিচারালয় বসানো হয়েছে। কারাগারের অভ্যন্তরে যেভাবে বিচারালয় স্থাপন করা হয়েছে সে সম্পর্কে আইনজীবীদের মধ্যে তর্কবিতর্ক আছে। আমি আইনজ্ঞ নই।
সুতরাং এ কথাবার্তা নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকাই শ্রেয় মনে করি। কারা অভ্যন্তরের বিচারালয়ে যখন খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসা হল তখন তিনি আদালতকে লক্ষ করে বলেছিলেন, ‘আমি ভীষণ অসুস্থ। আমার পক্ষে আদালতে আসা সম্ভব নয়। আমি জানি আমি ন্যায়বিচার পাব না। যতদিন পারেন আপনারা আমাকে সাজা দিয়ে দেন।’
তার এ উক্তিটি আমি হয়তো একেবারে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। কারণ যেদিনের সংবাদপত্রে এ খবরটি বেরিয়েছিল সেদিনের সংবাদপত্রটি আমার হাতের কাছে নেই। কাজেই খালেদা জিয়ার উক্তি তুলে ধরতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে তার বক্তব্যের স্পিরিট এমনটিই ছিল।
খালেদা জিয়ার উপর্যুক্ত বক্তব্য সংবাদপত্রে বড় শিরোনামেই প্রকাশিত হয়েছিল। তার বক্তব্য পড়ার পর অনেক পাঠকেরই হয়তো হৃদয় আর্দ্র হয়ে উঠেছিল। কত দুঃখভারাক্রান্ত হলে, মনে কত কষ্ট পেলে, কত অভিমান বুকের মধ্যে চাপা হয়ে জমে থাকলে একজন বিচারাধীন বন্দি এমন উক্তি করতে পারেন। আমার মনে হয়েছিল, সেদিন বাংলাদেশের বহু মানুষই তার সমব্যথী হয়ে উঠেছিলেন।
কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ করলাম তার দলের কোনো নেতা তার এই ব্যথাতুর অনুভূতিকে ধারণ করতে পারেননি, অথবা ধারণ করতে চাননি। এ কথা সত্য যে, রাজনীতির পুরোটাই আবেগঘন হয়ে উঠতে পারে না। তবে রাজনীতিতে আবেগ কোনো ভূমিকা পালন করে না, এমন কথা বলা যায় না।
বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ ৩৩ জনকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করা হয়, তখন অত্যন্ত তরুণ ছাত্র-আন্দোলনের কর্মী হিসেবে শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য বন্দিদের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, লিফলেটে প্রচারিত সেই কাহিনী পড়ে আমিও অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। সেই সময় আমি ছিলাম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক।
ওই সময় ছাত্রলীগের সঙ্গে আমাদের কিছু আদর্শগত মতপার্থক্য চলছিল। তা সত্ত্বেও আমি ছাত্রলীগের বন্দিদের বলেছিলাম, চোরাগোপ্তাভাবে লিফলেট ছড়িয়ে খুব এগোনো যাবে না। আমাদের সাহস করে প্রকাশ্যে এ অমানবিকতার প্রতিবাদ করতে হবে।
আমার পরামর্শ অনুযায়ী তৎকালীন ইকবাল হল এবং বর্তমানের সার্জেন্ট জহুরুল হক হলের ক্যান্টিনের সামনে খোলা জায়গায় ছাত্র ইউনিয়নের দুই গ্রুপ ও ছাত্রলীগসহ সম্মিলিত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভার কাজ মিনিট ১৫ চলার পর চারদিক থেকে ইপিআর বাহিনী ঘেরাও করে ফেলে। সভাটি পণ্ড হয়ে যায়।
এটাই ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে ছাত্রসমাজের প্রথম প্রকাশ্য প্রতিবাদ। এ প্রতিবাদই শেষ পর্যন্ত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিচার চলাকালীন অবস্থায় তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান মামলাটি নিঃশর্ত প্রত্যাহার করতে বাধ্য হন।
একদিকে পূর্ব-বাংলার স্বাধীনতার জন্য গভীর আকুতি এবং অন্যদিকে যারা, বিশেষ করে, সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তা ও সৈনিকরা পূর্ব বাংলার স্বাধীনতা অর্জনের প্রয়াস চালাতে গিয়ে ক্যান্টনমেন্টে নির্মম অত্যাচার ও জিজ্ঞাসাবাদের শিকার হয়েছিলেন, তা থেকে উৎসারিত আবেগই আমাকে এরকম দুঃসাহসী প্রতিবাদের পথে অগ্রসর হতে তাড়িত করেছিল। সুতরাং রাজনীতি, বিশেষ করে প্রতিবাদী রাজনীতি একেবারে আবেগশূন্য হতে পারে না।
খালেদা জিয়ার উক্তিও অবশ্যই অনেকের মাঝে আবেগের সঞ্চার করেছে। অথচ হতাশার সঙ্গে লক্ষ করলাম, তার দলের লোকেরা কেউ তার উক্তিটিকে সম্বল করে তাদের চলতি রাজনীতিতে কিছুটা হলেও আবেগের সংযোগ ঘটানোর প্রয়াস পাননি।
এ থেকেই মনে হয় রাজনীতি থেকে আবেগ বিতাড়িত হয়ে রাজনীতি হয়ে উঠেছে যান্ত্রিক! কাউকে দুঃখ দেয়ার জন্য এ কথাগুলো বলছি না। বলছি শুধু যুগের পরিবর্তনে রাজনীতিও কতটা তার চরিত্র হারাতে পারে, শুধু এ কারণে।
এ প্রসঙ্গে পুরনো দিনের একটি গানের কয়েকটি কলি মনে পড়ছে- নেমেছিল গঙ্গা নদী মহাদেবের জটা থেকে/দুঃখ পেলেম হেলায় তারে কলের জলে বন্দি দেখে/এখানে বাবুরা সব বিবির সনে/কথা বলে টেলিফোনে। রাজনীতিও যখন এ রকম কৃত্রিম হয়ে ওঠে, তখন সেই রাজনীতি জনসমুদ্রে কল্লোল তুলতে ব্যর্থ হয়।
বিচার চলাকালীন অবস্থায় রাজনৈতিকভাবে অভিযুক্ত আর কোনো নেতা বিচারকের কাছে যেমন ইচ্ছা সাজা দেয়ার কথা বলেননি, এমন নয়। ২৬ জুলাই ১৯৫৩ ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে একদল তরুণ বিদ্রোহী (এর মধ্যে ২ জন নারীও ছিল) সান্তিয়াগো ডি কিউবার মোনকাডা সামরিক গ্যারিসনের ওপর আক্রমণ চালান।
তারা ভেবেছিলেন এর ফলে কিউবার ডিক্টেটর জেনারেল বাতিস্তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সূচনা হবে। কিন্তু আক্রমণটি ব্যর্থ হয়ে যায় এবং ৭০ তরুণ বিদ্রোহীর ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয় এবং তাদের কাউকে কাউকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়। ফিদেল ক্যাস্ট্রো এবং অন্য ২৮ জনকে গ্রেফতার করা হয় এবং আদালতে বিচার করে দণ্ড প্রদান করা হয়।
ক্যাস্ট্রো আদালতে তার বিদ্রোহের যৌক্তিকতা প্রমাণ করতে গিয়ে বিবিধ দর্শন থেকে উদ্ধৃতি দিয়েছিলেন এবং কিউবার জনগণের দুরবস্থা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। সেসব কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘Only death can liberate one from so much misery’. তিনি আদালতের কাছে ক্ষমা চাননি। জবানবন্দি শেষে তার বীরোচিত উক্তি ছিল, ‘I knwo that imprisonment will be harder for me than it has ever been for anyone, filled with cowardly threat and hideous cruelty. But I do not fear prison, as I do not fear the fury of the miserable tyrant who took the lives of 70 of my comrades. condemn me. It does not matter. History will absolve me.’ ক্যাস্ট্রোর জবানবন্দির শেষ কথা ছিল, ‘আমাকে শাস্তি দাও। এতে কিছু যায় আসে না। ইতিহাস আমাকে দায়মুক্তি দেবে।’
খালেদা জিয়া ক্যাস্ট্রোর মতো বিপ্লবী নন। তিনি ক্যাস্ট্রোর মতো সশস্ত্রযুদ্ধেও অবতীর্ণ হননি। এই লেখা ক্যাস্ট্রোর সঙ্গে খালেদা জিয়াকে তুলনা করার জন্য নয়, সেটা সমীচীনও নয়। তবুও মনে হচ্ছে কোথায় যেন এ দু’জনের উক্তির মিল রয়েছে। ক্যাস্ট্রোর এই জবানবন্দি কারাগার থেকে বাইরে পাচার হয়েছিল। তার এই জবানবন্দি পড়ে শতসহস্র কিউবান সামরিক একনায়ককে হটিয়ে দিতে অনুপ্রাণিত হয়েছিল।
ড. মাহবুব উল্লাহ : অধ্যাপক ও অর্থনীতিবিদ










