বিজ্ঞান ও প্রযুক্তি

রোবট কুকুরের দাম আড়াই লাখ!

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন করে রোবট কুকুর তৈরি করছে সনি।

তাদের এক সময়ের সাড়া জাগানো কুকুর-সাদৃশ্য রোবট আইবো সিরিজে যুক্ত হচ্ছে নতুন কিছু মডেল। সেগুলোর দাম কত হবে সেটি অবশেষে জানা গেছে। রোবটটি ব্যবহারকারীর পোষা প্রাণী হিসেবে কাজ করবে।

আইবোর নতুন মডেলের দাম হবে ২ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

আইবোর সঙ্গে থাকবে চার্জিং স্টেশন, রোবটিক খেলনা হাড্ডি ‘আইবোন’ এবং একটি ছোট প্লাস্টিক বল যা নিয়ে আইবো খেলতে পারবে। প্রতিটি আইবোর সঙ্গে ৩ বছরের সনি এআই ক্লাউড সেবা দেয়া হবে। এআই ক্লাউডে আইবো প্রতিনিয়ত তার অভিজ্ঞতা আপলোড করবে যার ওপর নির্ভর করে আইবোর ব্যক্তিত্বের বিকাশ হতে থাকবে।

আইবো কথা বুঝতে পারে, করতে পারে ছোট খাট সব কাজ যা পোষা কুকুর করতে সক্ষম। তার আছে নিজস্ব ব্যক্তিত্ব, নিজ থেকেই চার্জিং স্টেশনে গিয়ে ‘ঘুমাতে’ পারে। নিজ থেকেই প্রভু এবং বন্ধুদের চিনতে সক্ষম রোবটটি।

সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে. আইবোর অত্যন্ত বাস্তব চলাফেরা এবং অঙ্গভঙ্গী। সত্যিকার কুকুরের সঙ্গে পার্থক্য সামান্যই।

নিজ থেকে চলাফেরা, খেলাধুলা করার পাশাপাশি আইবোকে ফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে, ওয়াইফাই বা ফোরজি দুটি নেটওয়ার্ক ব্যবহার করেই। ভবিষ্যতে আইবোর কাজের পরিধি আপডেটের মাধ্যমে আরও বাড়ানো হবে বলে জানাচ্ছে সনি।

গিজচায়না অবলম্বনে