বিজ্ঞান ও প্রযুক্তি

অ‍্যান্ড্রয়েড গো কী এবং কেন?

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৮৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কম বাজেটের অ‍্যান্ড্রয়েড ফোনগুলো কয়েক মাস ব‍্যবহারে ধীর হয়ে পড়ে। বিশেষ করে হার্ডওয়‍্যার ও র‍্যামের স্বল্পতা এবং অ‍্যাপের অপ্টিমাইজেশন ঠিকভাবে না হওয়ায় এই সমস্যায় পড়তে হয়।

ফলে স্বল্প মূল‍্যের অ‍্যান্ড্রয়েড ফোন কিনে বিপাকে পড়তে হয়েছে অনেক গ্রাহককে।

গুগল এই গ্রাহকদের কথা চিন্তা করে অ‍্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিশেষ একটি সংস্করণ বাজারে আনে। যার নাম দেয়া হয় অ‍্যান্ড্রয়েড গো। চলুন জেনে নেয়া যাক এই অপারেটিং সিস্টেমের সম্পর্কে।

অ‍্যান্ড্রয়েড গো কী?
অ্যান্ড্রয়েড গো মূলত জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি হালকা সংস্করণ। এই অপারেটিং সিস্টেমটি চালাতে মূল অ্যান্ড্রয়েড থেকে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন হার্ডওয়্যারের প্রয়োজন।

অপেক্ষাকৃত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সব শ্রেণী-পেশার মানুষকে সব ধরণের গুগল সেবার সঙ্গে যুক্ত করতেই টেক জায়ান্টটির এই চেষ্টা। গত বছর অ‍্যান্ড্রয়েড গো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছিল।

যে ধরনের ডিভাইস উপযোগী অ‍্যান্ড্রয়েড গো?
মাত্র ৫১২ মেগাবাইট র‍্যামের ফোনে অনায়াসে ব‍্যবহার করা যাবে অ‍্যান্ড্রয়েড গো। মূলত ৫১২ মেগাবাইট থেকে ১ গিগাবাইট র‍্যাম এবং  ৮ ও ১৬ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ স্মার্টফোনে ব‍্যবহারের জন‍্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ওএসটি।

অ্যান্ড্রয়েড মূল সংস্করণ থেকে ‘অ‍্যান্ড্রয়েড গো’  ১৫ শতাংশ দ্রুত যে কোনো অ্যাপ পরিচালনা করতে পারে। এতে রয়েছে ডেটা সেভার অপশন। ফলে ব্যবহারকারীরা অপেক্ষাকৃত কম ডেটাতে সর্বাধিক ইন্টারনেট সুবিধা পাবেন

রয়েছে বিশেষ অ‍্যাপের সুবিধা
ব‍্যবহারকারী যেন কম হার্ডওয়‍্যার ডিভাইসে গুগলের সব অ‍্যাপগুলোর সুবিধা উপভোগ করতে পারেন সেই সুবিধাও দিয়েছে গুগল। তাই ওএসের পাশাপাশি অ‍্যাপগুলো ‘গো’ সংস্করণও আনা হয়েছে।

অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনগুলোতে নয়টি গুগলের বিশেষ অ‍্যাপ রয়েছে। এগুলো হলো- গুগল গো, গুগল অ্যাসিস্ট্যান্ট গো, ইউটিউব গো, গুগল ম্যাপস গো, জিমেইল গো, জিবোর্ড গো, গুগল প্লে গো, ক্রোম ও ফাইলস গো।

এ অ‍্যাপগুলো খুব অল্প জায়গা দখল করবে। হার্ডওয়‍্যারের উপর বেশি চাপ না দিয়েও অনায়াসে ব‍্যবহার করা যাবে অ‍্যাপগুলো। ফলে ব‍্যাটারি ব‍্যাকআপ বেশি পাওয়া যাবে এবং ডিভাইস সহজে স্লো হবে না।

ডেভেলপাররা চাইলেই এ প্লাটফর্মের উপযোগী অ্যাপও তৈরি করতে পারবেন। এ ছাড়া সাধারণ অ্যান্ড্রয়েডের অধিকাংশ অ্যাপই অ্যান্ড্রয়েড গো প্লাটফর্ম সমর্থন করে।

অ‍্যান্ড্রয়েড গো রয়েছে যে সব ফোনে
অ‍্যান্ড্রয়েড গো ব‍্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন স্মার্টফোন কোম্পানির সঙ্গে কাজ করছে গুগল।

অ্যালকাটেল, নকিয়া, জেনারেল মোবাইল, লাভা, মাইক্রোমাক্স, অ্যাসুস, হুয়াওয়েসহ বিভিন্ন ব্র‍্যান্ডের ফোনে রয়েছে অ‍্যান্ড্রয়েড গো ওএস।

এই ওএস চালিত কয়েকটি ডিভাইস হলো- অ্যালকাটেল ১এক্স, অ্যাসুস জেনফোন লাইভ এল১, জেটিই টেম্পু গো, লাভা জেড ৫০  নকিয়া ১, হুয়াওয়ে ওয়াই ৩ (২০১৮)  জেনারেল মোবাইল জি এম ৮গো, মাইক্রোমাক্স ভারত গো ইত‍্যাদি।