অর্থ ও বাণিজ্য

বগুড়ায় সমিতির নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা দম্পতি

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় সমবায় সমিতির নামে সঞ্চয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে আনোয়ার হোসেন ও আঞ্জুয়ারা খাতুন দম্পতি উধাও হয়েছেন। এতে অনেক কষ্টে সঞ্চয়কারী নারী-পুরুষরা বিপাকে পড়েছেন।

ভুক্তভোগীদের পক্ষে উপজেলার উলিপুরপাড়ার সিরাজ উদ্দিনের স্ত্রী খাদিজা বেগম প্রতিকার পেতে রোববার দুপুরে শেরপুর মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় প্রতারণার শিকার অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে জানা গেছে, গোসাইবাড়ি অপস্টিক সমবায় সমিতি (রেজি: নং-১৬৮) নামে একটি প্রতিষ্ঠান গত ২০১২ সালে বগুড়ার শেরপুর উপজেলার গোসাইবাড়ি বটতলায় কার্যক্রম শুরু করে। আনোয়ার হোসেন এ সমিতির চেয়ারম্যান ও তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন সেক্রেটারি। অল্প সময়ে অধিক লাভের প্রলোভনে শ্রীরামপুর পাড়া, উলিপুর গোরস্থান পাড়া, বনমরিচা, গোসাইবাড়ি, হাপুনিয়া, পুন্যতলা, মোহাম্মাদপুর এলাকার ২৬৫ জন নারী-পুরুষ সমিতির সদস্য হিসেবে দৈনিক ও মাসিক সঞ্চয় জমা করেন।

সমিতির সদস্যরা লভ্যাংশসহ টাকাগুলো ফেরত পাওয়ার আশায় গত ৬ জুলাই তাদের সঞ্চয় বই জমা দেন। এরপর থেকে সমিতির চেয়ারম্যান ও সেক্রটারি তার স্ত্রীকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছেনা।

গোসাইবাড়ি বাজারে সমিতির কার্যালয় তালাবদ্ধ ও তাদের দু’জনের মোবাইল ফোন বন্ধ। ক্ষতিগ্রস্ত সদস্যরা দাবি করেন, তাদের সঞ্চয়ের পরিমাণ অন্তত এক কোটি টাকা। তারা সংবাদ সম্মেলন ছাড়াও টাকাগুলো ফেরত পেতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও উপজেলা সমবায় কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। ফোন বন্ধ ও বাড়ি বা অফিসে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।