অর্থ ও বাণিজ্য

রোহিঙ্গা সুরক্ষায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৮২ মিনিট পড়া
FILE PHOTO: Rohingya refugees play football at Kutupalong refugee camp in Cox's Bazaar, Bangladesh, March 27, 2018. REUTERS/Clodagh Kilcoyne/File Photo

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়োনিষ্কাশন ও সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পিতবার প্রথম কিস্তিতে চলমান একটি স্বাস্থ্য খাত সহায়ক প্রকল্পের জন্য পাঁচ কোটি ডলার মঞ্জুর করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানের মুখে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এতে সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের সবচেয়ে বড় শরণার্থী সংকটের মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কানাডা সরকার ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যৌথভাবে রোহিঙ্গাদের স্বাস্থ্য খাতের জন্য এ অনুদান দিচ্ছে।

কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে থাকা রোহিঙ্গা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর বয়সীদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জন্মনিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যসেবায় এই অর্থ ব্যয় করা হবে।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গাদের দুর্দশা আমাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজেদের দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তাদের সহায়তা দিয়ে যেতে আমরা প্রস্তুত আছি।

তিনি বলেন, বিশ্বব্যাংক সেই সঙ্গে বাংলাদেশের মানুষের জন্যও সহযোগিতা অব্যাহত রাখবে।

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে, তাদের দুর্দশার কথা তাদের মুখ থেকে শুনতে দুদিনের সফরে ১ জুলাই বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

২ জুলাই তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে দেখবেন এবং সেখানে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সংস্থার কর্মীদের সঙ্গেও আলোচনা করবেন।

তারা এ সংকট নিরসনে আরও বেশি কী করা যায় তা নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছে রয়টার্স।

জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এই সফরে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক নাটালিয়া কানেমও তাদের সঙ্গে থাকছেন বলে জানা গেছে।

কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী মারি ক্লদ বিবিও বলেন- স্বাস্থ্য, পুষ্টি ও জনসেবা সহায়তায় এ অনুদান দেয়া হচ্ছে।