সিল্কসিটিনিউজ ডেস্ক:
নেদারল্যান্ড থেকে স্পেনগামী ট্রান্সএভিয়ার একটি ফ্লাইটে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিলো না। তবু বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। এর কারণ শুনলে সত্যিই অবাক হবেন সবাই।
ট্রান্সএভিয়া কর্তৃপক্ষ বলছে, এক যাত্রীর শরীরের অসহ্য দুর্গন্ধের কারণে তাদের ওই ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ফ্লাইট এইচভি৫৬৬৬ বিমানটি স্পেনের হলিডে দ্বীপ গ্রান ক্যানারিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। বিমানটি উড়াল দেয়ার পর এক ব্যক্তির অপরিষ্কার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিমানের যাত্রীদের অনেকেই বমি করতে শুরু করেন এবং মূর্ছাও যান।
ওই ব্যক্তির শরীরে এতটাই উৎকট ছিল যে ক্রুরা তাকে টয়লেটে নিয়ে রাখেন। কিন্তু তাদের এই প্রচেষ্টা নিষ্ফল ব্যর্থ হয়। পরে বিমানের প্রধান পাইলট পর্তুগালের ফারগো শহরে বিমানটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
ফারগোর বিমানবন্দরে নামার পর বিমানটি থেকে যাত্রীকে বের করে আনা হয়। পরে মেডিক্যাল কর্মকর্তারা ওই যাত্রীকে একটি বাসে তুলেন।










