সিল্কসিটিনিউজ ডেস্ক:
জন্ম সেই ১৮৯৬ সালের ২৪ ডিসেম্বর। দেখেছেন তিন-তিনটে শতাব্দী। জীবনের প্রতি আজও একই রকম মুগ্ধ ১২১ বছরের ম্যানুয়েল গার্সিয়া হার্নান্দেজ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে বিশ্বের সবথেকে বয়স্ক মানুষ তিনি। কিছুদিন আগে শোনা গিয়েছিল জাপানের মাসাজো নোনাকার কথা। তাঁর বয়স ১১২। কিন্তু গার্সিয়া টপকে গিয়েছেন তাঁকেও। তাঁর থেকে বেশি বয়স কেবল একজনেরই। ফ্রান্সের জাঁ লুই ক্যালমোঁ মারা যান ১২২ বছর বয়সে। কিছুদিনের মধ্যেই তাঁকেও টপকে বিশ্বের সর্বকালের সবচেয়ে বয়স্ক মানুষ হবার রেকর্ডও করায়ত্ত করে ফেলতে পারেন গার্সিয়া।

কিন্তু রেকর্ড নিয়ে বিশেষ মাথাব্যথা নেই ১২১ বছরের তরুণের। যদিও তাঁর জন্মের সার্টিফিকেট ও মেক্সিকো সরকারের দেওয়া পরিচয়পত্র থেকে স্পষ্ট গার্সিয়ার বয়স সত্যিই ১২১। অথচ তাঁকে দেখলে ৮০-এর বেশি মনে হয় না।

নাতি-নাতনিদের সন্তানদের সঙ্গে গার্সিয়া। ছবি: এএফপি।
নাতি-নাতনিদের সন্তানদের সঙ্গে গার্সিয়া। ছবি: এএফপি।
কী করে পেলেন এমন দীর্ঘায়ু? গার্সিয়া জানাচ্ছেন, ভাল ঘুম, স্বাস্থ্যসম্মত খাদ্যগ্রহণ তো আছেই এর পাশাপাশি নিয়ম করে কাজ করে যাওয়াই তাঁকে আজও এমন ফিট রেখেছে। নিয়ম করে কাজ করেন মুরগির ফার্মে।
যদিও একদম সম্প্রতি সেভাবে কাজ করতে পারছেন না গার্সিয়া। শিশু বয়সেই হারিয়েছিলেন বাবাকে। সেই দুঃখ আজও ভুলতে পারেন না তিনি। কিন্তু এমনিতে জীবন নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। আজও গোটা সকাল রোদে পিঠে দিয়ে জীবনের ওম নেন গার্সিয়া।
ভোরে ঘুম থেকে উঠেই দুটো ডিম, একটা কলা ও আপেল খেয়ে দিন শুরু করেন তিনি। ৫ সন্তান, ১৫ নাতিনাতনি ও তাদের ৬ ছেলেমেয়ে নিয়ে বিরাট সংসার তাঁর। থাকেন মেয়ে তোমাসার পরিবারের সঙ্গে। ৭০ বছরের দাম্পত্য সেরে স্ত্রী রোসা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ৮ বছর আগে।
আজকাল একটু ক্লান্ত লাগে। কাজের ক্ষমতাও কমছে। গার্সিয়া ভয় পাচ্ছেন, সারাদিন চেয়ারে বসে থেকে বা বিছানায় শুয়ে থাকার ফলে কি শরীরে চেপে বসবে ক্ষয়?
সব প্রতিকূলতাকে কাটিয়ে গার্সিয়া পেতে চান ১২৫ বছরের আয়ু। নিছক রেকর্ডের লোভ নয়, আরও কয়েক বছর এই নীল রংয়ের গ্রহের ধুলো-মাটি-হাওয়ার টানই তাঁর মধ্যে জাগিয়ে রেখেছে জীবনের প্রতি এই দুর্মর ভালবাসা।










