সিল্কসিটিনিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে এক বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার সময় অভিযুক্ত ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন ওই নারী। এ ঘটনায় ত্রিশাল থানা পুলিশ অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী এলাকার মৃত হারুন অর রশিদের স্ত্রী মুর্শিদা খাতুনের (৪৫) ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন কাউছার (৪৫)। তিন পার্শ্ববর্তী ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মেঞ্জেনা গ্রামের আব্দুল মজিদের ছেলে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মুর্শিদা খাতুন ধর্ষণ থেকে বাঁচতে কাউছারের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন।
এ সময় স্থানীয় লোকজন কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওই নারীর চাচা মাহাদী হাসান তালুকাদার জানান, গত মাসে তার ভাতিজির বাড়িতে একটি টিউবওয়েল স্থাপনের দায়িত্ব নেন স্যানিটারি ব্যবসায়ী কাউছার। এসময় তিনি তার ভাতিজির প্রতি কু-নজর দেয়। বিভিন্ন টালবাহানায় কাউছার বাড়িতে আসত। গত সপ্তাহে তার টিউবওয়েলের টাকা পরিশোধ করা হলেও বৃহস্পতিবার রাতে কাউছার তার ভাতিজির ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিউর রহমান জানান, মুর্শিদাকে ধর্ষণের চেষ্টা করলে তিন ব্লেড দিয়ে কাউছারের পুরুষাঙ্গ কেটে দেন। এ ঘটনায় কাউছারের ছোট ভাই নোমান আহমেদ ওই নারীকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় মুর্শিদাকে গ্রেফতার করা হয়েছে।
সময়










