সিল্কসিটিনিউজ ডেস্ক: রিচার্ড এল বেনিন (বেনকিন) বিতর্কিত মার্কিন মানবাধিকার কর্মী। নিজেকে দক্ষিণ এশিয়ার সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞ বলে দাবি করলেও মূলত তিনি কট্টর ইহুদি মতাবলম্বী মার্কিন লবিস্ট এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধি। তার কর্মকাণ্ড মূলত ভারত ও বাংলাদেশ কেন্দ্রীক। কথিত মুসলিম জঙ্গিবাদ বিরোধী বেনিন আলোচনায় আসেন বাংলাদেশের বিতর্কিত সাংবাদিক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীর পৃষ্ঠপোষক হিসেবে।
২৯ নভেম্বর ২০০৩। বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি ব্যাংকক ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশি গোয়েন্দারা আটক করেন শোয়েব চৌধুরীকে। পুলিশ তাকে গ্রেফতার করার সময় তার কাছে একটি প্রজেক্ট প্রোফাইল পাওয়া যায়, যাতে তিনি ইসরাইলের কাছে তিনটি দৈনিক পত্রিকা প্রকাশের জন্য ১২ কোটি টাকা সাহায্যের আবেদন করেছিলেন। তিনি তার আবেদনে ইসরাইলি বন্ধুদের মুসলিম প্রধান দেশে মিডিয়া গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে বলেন, কোটি কোটি ডলার খরচ করে যুদ্ধবিমান ক্রয়ের চেয়ে মিডিয়া সৃষ্টি করুন, এতে ইসরাইল বেশি লাভবান হবে। তিনি তেল আবিবে একটি সেমিনারে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে এবং তাকে জেলে পাঠানো হয়। সে সময় এই রিচার্ড বেনকিন শোয়েব চৌধুরীর মুক্তির জন্য ক্যাম্পেইন চালিয়েছিলেন। ফলে মার্কিন সিনেটর ও তখনকার কংগ্রেসম্যান মার্ক স্টিভেন কির্ক ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওপর চাপ প্রয়োগ করায় ২০০৫ সালের ২৯ এপ্রিল তিনি জামিনে মুক্ত হয়েছিলেন। সালাউদ্দিন শোয়েবের মামলা থেকে অব্যাহতি চেয়ে পরবর্তী সময়ে কংগ্রেসে একটি প্রস্তাবও পাস হয়েছিল।

তার মুক্তির পর ২০০৬ সালের ১৫ অক্টোবর ওয়াল স্ট্রিট জার্নাল এ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করে, যার শিরোনাম ছিলো Darkness in Dhaka । সেখানে বলা হয়- “মি. চৌধুরীকে গ্রেফতার করা হয় মূলত ইসরাইলের পক্ষাবলম্বন এবং পাসপোর্টে অনুমতি না থাকার পরেও ইসরাইল ভ্রমণের চেষ্টা করার জন্য পত্রিকাটি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর উদ্ধৃতি দিয়ে লিখে, “আমি যখন প্রথম সাপ্তাহিক ব্লিজ প্রকাশ করি তখন সিদ্ধান্ত নিই ইহুদি খৃষ্টানদের বিরুদ্ধে বিশেষত ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশে যে সংঘবদ্ধ প্রচারণা চলছে তার অবসান ঘটাতে। বাংলাদেশে শুক্রবারের খুতবায় মোল্লারা মূলত জিহাদের বাণী প্রচার করে এবং ইহুদি খৃষ্টানদের হত্যা করতে উদ্বুদ্ধ করে।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ২০১২ সালে প্রতারণার মাধ্যমে অর্থ-আত্মসাতের অভিযোগে আরেকটি মামলায় শোয়েব চৌধুরীকে পুনরায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ২০১২ সালে গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় ২০১৪ সালে রাষ্ট্রদ্রোহ মামলার দু’টি ধারায় ৭ বছরের কারাদণ্ড দেয়ায় তিনি এখনো কারাদণ্ড ভোগ করছেন।
উল্লেখ্য, বেনিন শুধু শোয়েব চৌধুরীরই পৃষ্ঠপোষকই ছিলেন না, তৎকালীন সরকারের সময়ে বিএনপির লবিস্ট হিসেবেও তার পরিচয় প্রকাশিত হয়েছিল। ২০০৬ সালের ১০ এপ্রিল ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী তখনকার বিএনপি সরকার যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন এ্যাক্ট অনুযায়ী মাসে পাঁচ হাজার ইউএস ডলারের চুক্তিতে অনির্দিষ্টকাল মেয়াদের জন্য বিএনপির লবিস্ট নিয়োগ দেয়া হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সমর্থনপুষ্ট আমেরিকান ইসরায়েল পাবলিক এ্যাফেয়ার্স কমিটি (AIPAC)- এর প্রধান সংগঠক ড. রিচার্ড এল. বেনকিনকে, যার রেজিস্টার্ড নম্বর- ৫৭০৮। বর্তমানেও এই ইহুদি জায়নবাদী রিচার্ড বেনিন বিএনপির লবিস্ট হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির স্বার্থ রক্ষায় কাজ করলেও তার বাংলাদেশ বিরোধী ভূমিকা অব্যাহত রয়েছে।
তিনি গত ২০১৩-১৪ সালের দিকেও বাংলাদেশে এসেছিলেন। সে সময় তিনি বাংলাদেশে এসে বিএনপি-জামায়াতের সহায়তায় মনগড়াভাবে সংখ্যালঘু- বিশেষ করে হিন্দুদের উপর কথিত নির্যাতনের ভিডিও, ইন্টারভিউ নিয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের অপপ্রচারণায় লিপ্ত ছিলেন।
জানা যায়, অতিসম্প্রতি তিনি আবার বাংলাদেশে এসেছেন শোয়েব চৌধুরীর মুক্তিসহ আন্তর্জাতিক মহলে পুনরায় বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আর এজন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এরূপ বিভিন্ন প্রকার সাজানো তথ্য সংগ্রহ করে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন বাস্তবতায় ড. রিচার্ড বেনিনের মাধ্যমে পুনরায় দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখার অবকাশ রয়েছে বলেই মনে করছেন সুশীল সমাজ।










