সিল্কসিটিনিউজ ডেস্ক:
চোদ্দো বছরের এক ছেলে। তার দাবি, তার মধ্যে রয়েছে অতিলৌকিক ক্ষমতা। সে নাকি ডিম পাড়তে পারে! হ্যাঁ, এমনই আজব দাবি করেছে সেই কিশোর। গত ২ বছরে সে নাকি পেড়েছে ২০টা ডিম! স্বাভাবিক ভাবেই এমন দাবি শুনে যে কেউ তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু সে যে চিকিৎসকদের সামনেও পেড়ে দেখিয়েছে ২টি ডিম! ইন্দোনেশিয়ার আকমলকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
ইন্দোনেশিয়ান ওয়েবসাইট ইনসাইডারকারনিউজ.কম-এ প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। সিয়েচ ইউসুফ হাসপাতালে বর্তমানে সে ভর্তি। যদিও চিকিৎসকরা বুঝতেই পারছেন না, এমন অদ্ভুত অসুখের কী চিকিৎসা করবেন তাঁরা!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আকমলকে নিয়ে এক প্রতিবেদন। সেই প্রতিবেদনে জানা গিয়েছে, আকমলের চিকিৎসকরা স্পষ্ট ভাবে জানিয়েছেন, কোনও মানুষের পক্ষেই ডিম পাড়া সম্ভব নয়। তাঁরা জানিয়েছেন, আকমলকে কড়া নজরে রাখা হচ্ছে। দেখা হচ্ছে, সে বাইরে থেকে কোনও ভাবে ডিম এনে শরীরে লুকিয়ে রাখছে কি না।
আকমলের পাড়া ডিম খুঁটিয়ে দেখা হয়েছে। দেখা গিয়েছে, সেগুলো সত্যিকারের ডিমই। বিজ্ঞানের একেবারে উলটো পথে হেঁটে কী করে একজন মানুষ ডিম পাড়তে পারে, তাও আবার পুরুষমানুষ, ভেবে পাচ্ছেন না তাঁরা।
ব্যাপারটা অসম্ভব, কিন্তু ছেলেটি তাদের চোখের সামনে এই অসম্ভবকে সম্ভব করছে কী করে সেটাই খতিয়ে দেখছেন তাঁরা। কেন না, তার মধ্যেই লুকিয়ে রয়েছে এই রহস্যের কিনারাসূত্র।










