সদ্য প্রকাশিত
রাজনীতি

মিত্রদের অপেক্ষায় রাখলেন খালেদা

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
মিত্রদের অপেক্ষায় রাখলেন খালেদা

সিল্কসিটিনিউজ ডেস্ক: নিজের দুর্নীতির মামলার রায়ের আগে জোটের মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মকৌশল নির্ধারণে তাদের মতামত নিয়ে ঐক‌্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে রায় পরবর্তী কর্মকৌশল নিয়ে অপেক্ষায় রেখেছেন জোট নেতাদের। একই সঙ্গে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের জন‌্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন জোট নেত্রী।

রোববার রাতে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে করেন খালেদা জিয়া। বৈঠকে বিএনপি নেত্রীর দুর্নীতির রায় পরবর্তী করনীয় নিয়ে জোট নেতারা তাদের মতামত তুলে ধরেন।

বৈঠক সূত্র জানিয়েছে, জোট নেতাদের কেউ কেউ রায় নেতিবাচক হলে কঠোর আন্দোলনের কর্মসূচির কথা বলেছেন। তারা বলেছেন, আন্দোলন ছাড়া এদেশে কিছুই হয়নি। সেজন‌্য আন্দোলনের পক্ষে মত প্রকাশ করেন জোট নেতারা। প্রতিকূল পরিস্থিতিতে জোট নেতারা ঐক‌্যের ওপরও গুরুত্বারোপ করেন। বৈঠকে উপস্থিত জামায়াতের প্রতিনিধি কোনো ধরনের প্রপাগান্ডায় কান না দিতে জোটের শরিকদের প্রতি আহ্বান জানান। ২০ দলীয় জোটের সঙ্গে জামায়াত আছে এবং থাকবে বলে জামায়াতের বক্তব‌্য উপস্থাপন করেন প্রতিনিধি।

জোটের একজন শরিক নেতা জানিয়েছেন, রায় বিপক্ষে গেলে বা ন‌্যায় বিচার না হলে, পরবর্তীতে কী ধরনের কর্মসূচিতে যাবে ২০ দলীয় জোট এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জোট নেতারা তাদের মতামত দিয়েছেন। ম‌্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, অপেক্ষায় থাকতে। রায় পরবর্তী পদক্ষেপ জানিয়ে নির্দেশনা আসবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জোট নেতাদের বক্তব‌্য শুনে বৈঠকের শেষে কথা বলেন। বিএনপি নেত্রী নেতাদের ধৈর্য‌্য ধরতে এবং ঐক‌্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত দুজন জোট নেতা। মিত্রদের উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, মামলার রায়ে যে ধরনের রায় আসুক না কেন গণতন্ত্রর প্রশ্নে কোনো আপস নয়। ৫ বছর জেল হলেও ২০ দলীয় জোট যেই পথে আছে সেই পথে থাকবে।

এর আগে সোয়া ৯টার দিকে ২০ দলীয় জোটের শরিকদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন। বৈঠকটি শেষ হয় রাত পৌনে ১১টার দিকে।

বৈঠকে জোট নেতাদের মধ‌্যে জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবদুল হালিম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিজেপির, আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির-জাগপার সভাপতি রেহেনা আক্তার প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, সাম‌্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, এনডিপির খোন্দকার গোলাম মুর্ত্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাতে দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া। আগামী ৩ ফেব্রুয়ারি বৈঠক করবেন বিএনপির নির্বাহী কমিটির সদস‌্যদের সঙ্গে।

রাইজিংবিডি