আফগানিস্তানের রাজধানী কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলাকারী দুই বন্দুকধারীকে হত্যা করে হামলার অবসান ঘটিয়েছে আফগান নিরাপত্তা বাহিনীগুলো।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এ হামলায় অন্তত একজন নিহত হন ও শত শত শিক্ষার্থি আতঙ্কিত হয়ে পড়েন, পরে রাতভর অভিযানে এর অবসান ঘটায় নিরাপত্তা বাহিনী।
হামলার শুরুতে বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা, এর পরপরই শুরু হয় গুলিবর্ষণ। ওই বিস্ফোরণটি গাড়িবোমা ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বেশ কিছু বিদেশি কর্মী ও শিক্ষার্থি কাজ করেন ওই বিশ্ববিদ্যালয়টিতে, যার দখল নিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে সন্দেহভাজন জঙ্গিরা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যানুযায়ী, দেয়াল ঘেরা কম্পাউন্ডটি ঘিরে ফেলে আফগান অভিজাত বাহিনীগুলো, পরে ভিতরে ঢুকে পড়ে তারা।

এরপর থেকে রাতভর গোলাগুলির শব্দ শোনা যায়; অবশেষে ভোরের আগে অভিযান শেষ হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “লড়াই শেষ হয়েছে এবং অন্তত দুই হামলাকারী নিহত হয়েছেন। এখন ক্রিমিনাল টেকনিক টিমের অভিযান চলছে। শিগগিরই বিস্তারিত জানানো হবে।”
হামলার ঘটনায় কতোজন হতাহত হয়েছেন তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক রক্ষী নিহত ও আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটজনক।
আহতদের মধ্যে কোনো বিদেশি নেই বলে জানা গেছে।
বৃহস্পতিবার কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি রয়টার্সকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়টি থেকে প্রায় ৫০০ শিক্ষার্থিকে উদ্ধার করেছে।
আফগানিস্তানের অভিজাত শ্রেণির মধ্যে এই বিশ্ববিদ্যালয়টির জনপ্রিয়তা আছে।
আফগান তালেবানসহ বেশ কয়েকটি ইসলামপন্থি কট্টর গোষ্ঠী সম্প্রতি দেশটিতে চালানো অনেকগুলো বোমা হামলার দায় স্বীকার করলেও এ পর্যন্ত কোনো গোষ্ঠী বিশ্ববিদ্যালয় হামলার দায় স্বীকার করেনি।
৭ অগাস্ট এই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বন্দুকের মুখে এক আমেরিকান ও এক অস্ট্রেলীয় শিক্ষককে অপহরণ করার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
আফগানিস্তানের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থি আছে; এরা বিজ্ঞাপনে নিজেদের আফগানিস্তানের একমাত্র অলাভজনক, ‘রাজনীতি-মুক্ত’, সহপাঠের বিশ্ববিদ্যালয় বলে দাবি করেছে। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করে।










