সদ্য প্রকাশিত
বিচিত্র

আবার ভাসবে মায়াবী ‘সুপারমুন’

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৭২ মিনিট পড়া
আবার ভাসবে মায়াবী ‘সুপারমুন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোববার (৩ ডিসেম্বর) রাতে যারা ‘সুপারমুন’ দেখতে পারেন নি, তাদের জন্য সুখবর। এই শীতে পরপর তিনটি পূর্ণিমায় আকাশ প্লাবিত করবে যৌবনবতী চাঁদ। বাংলা ১৪২৪ সালের শীতকালটি স্মরণীয় হয়ে থাকবে তিনটি ’সুপারমুন’-এ কারণে। আগামী ২ জানুয়ারি এবং ৩১ জানুয়ারির পূর্ণিমাতেও পৃথিবীর কাছে থাকবে চাঁদ। পৃথিবীর আকাশ আবার ভাসবে মায়াবী ‘সুপারমুন’-এর রোমাঞ্চকর আলোয়।

অনেক বছর পর চলতি শীতে একটু বেশিই আর্কষণীয় হয়ে উঠবে পূর্ণিমার চাঁদ। কারণ, আগামী তিনটি পূর্ণিমাতেই চাঁদ থাকবে পৃথিবীর কাছাকাছি। পূর্ণিমার চাঁদকে এর ফলে একটু বেশি বড় ও উজ্জ্বল দেখাবে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমটি দেখা গেছে রোববার (৩ ডিসেম্বর)। একে ‘সুপারমুন’ আখ্যা দিয়ে এন্তার হইচই হয়েছে বিশ্বব্যাপী। সামাজিক যোগাযোগ মাধ্যমও ভেসে গেছে মানুষের সঙ্গে চাঁদের মিতালীর নান্দনিক কথামালায়। বিজ্ঞানীরাও অবাক।  বলছেন, পরপর তিনটি পূর্ণিমায় এমন নজির খুব কমই আছে। তাদের উৎসাহী চোখও রাতের আকাশের দিকে।

গত রোববারের (৩ ডিসেম্বর) পূর্ণিমায় আকাশ-প্লাবিত ‘সুপারমুন’ বিশ্লেষণ করে বিজ্ঞানিরা পেয়েছেন বিচিত্র সব তথ্য। জানিয়েছেন, উপবৃত্তাকার কক্ষপথে পাক খেতে খেতে পৃথিবীর খুবই কাছাকাছি চলে এসেছিল চাঁদ। পজিশন্যাল অ্যাস্ট্রোনমি সেন্টার (পিএসি) জানিয়েছে, এবারই শেষ নয়। আগামী ২ জানুয়ারি এবং ৩১ জানুয়ারির পূর্ণিমাতেও পৃথিবীর কাছে থাকবে চাঁদ। ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও রয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার সব দেশ থেকেই স্পষ্ট দেখা যাবে তা। পিএসি-র অধিকর্তারা সংবাদ মাধ্যমকে বলছেন, ‘‘জানুয়ারি মাসে দু’টি পূর্ণিমা পড়েছে। তাই ৩১ জানুয়ারির দ্বিতীয় পূর্ণিমাকে ‘ব্লু মুন’ বলা হবে।’’

সুপার মুন। ফাইল ফটো নাগরিক জীবনের ঘেরাটোপে বন্দি মানুষ জীবন কাটাচ্ছে দিগন্ত ও চাঁদ ছাড়াই। নিরন্ন মানুষের ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীতে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে হয়েছিল সুকান্ত ভট্টাচার্যের। বিপরীতে প্রেম ও প্রণয়ের চাঁদকে ঘিরে রোমান্সে-রঙিন জগতের ছবিও এঁকেছেন অনেকেই।  আবার এটাও সত্যি যে, জ্যোৎস্নায় ভিজে সে রোমান্স চিরবিরহের বেদনায়ও ভেসে গেছে। চাঁদ আর পৃথিবীর মাঝে অনন্তকাল থেকেই চলছে প্রেম ও বিরহের খেলা। মানব-মানবী সে খেলায় আনন্দ ও বেদনার দিনরাত্রি পাড়ি দিয়েছে পৃথিবীর বুকে চাঁদের আলোয়।

 

বাংলানিউজটোয়েন্টিফোর