সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

যুগান্তরের রাজশাহী বিজ্ঞাপন প্রতিনিধি নিখোঁজ

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
যুগান্তরের রাজশাহী বিজ্ঞাপন প্রতিনিধি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

যুগান্তরের রাজশাহী ব্যুরোর বিজ্ঞাপন প্রতিনিধি শরিফুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার দুপুরের পর থেকে তার সন্ধান পাচ্ছে না কেউ।

তার ব্যবহৃত মোবাইল ফোনটিও একই সময় থেকে বন্ধ রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরের পর শরিফুল ইসলামের স্ত্রী মুর্শিদা খাতুন নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শরিফুলের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার লালপুর গ্রামে। তার বাবার নাম তমিজ উদ্দিন। গত প্রায় চার বছর ধরে রাজশাহীতে যুগান্তরের বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।

স্থানীয় দৈনিক শানসাইনের বিজ্ঞাপন বিভাগেও নিয়মিত কাজ করেন শরিফুল। মুর্শিদা খাতুন জানান, বুধবার দুপুরের পর বাজার করে বাড়ি ফেরেন তার স্বামী শরিফুল।

এরপর পেশাগত কাজে বের হন। বিকালের পর তাকে ফোন দেয়া হলে- তা বন্ধ পাওয়া যায়। এরপর থেকে শরিফুলের নিকটাত্মীয়, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার খোঁজ নেয়া হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। রাতে বাড়িতেও ফেরেননি তিনি।

এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত কাটে তাদের।

বৃহস্পতিবার সকালে মুর্শিদা খাতুন স্বামীর খোঁজ নিতে দৈনিক শানসাইনে যান। শানসাইনের সাংবাদিকরাও বিভিন্নভাবে শরিফুলের খোঁজ নেন। তবে তার খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, শরিফুল রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকার একটি ভাড়া বাসাতে স্ত্রী মুর্শিদা ও শিশু সন্তান মাহীকে নিয়ে বসবাস করেন।

যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফা বলেন, শরিফুল সর্বশেষ আমাকে দাফতরিক প্রয়োজনে বুধবার দুপুর সোয়া দুইটায় একটি ই-মেইল দেন। এরপর আর যোগাযোগ হয়নি।

তবে বৃহস্পতিবার সকালে শরিফুলের স্ত্রী জানান যে রাতে তিনি বাসায় ফেরেননি।

জানা গেছে, দড়িখড়বোনা মোড়ে অবস্থিত স্থানীয় দৈনিক সানশাইনের নিচের চা বিক্রেতা সেলিমের দোকানে সন্ধ্যার আগে নিজের মোটরসাইকেলটি রেখে যান শরিফুল।

এরপর রাত সাড়ে ১১টার দিকে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে সেখানে আসে। এসময় শরিফুলের মোটরসাইকেলের চাবি তাদের কাছে আছে জানিয়ে মোটরসাইকেলটি নিয়ে যেতে চাইলে চা বিক্রেতা সেলিম প্রথমে আপত্তি করেন।

কিন্তু অজ্ঞাত দুই যুবক জানায় যে, শরিফুল চাবি দিয়ে তাদেরকে মোটরসাইকেলটি নিতে পাঠিয়েছেন। ফলে সেলিম আর কথা বাড়াননি।

ওই সময় কয়েকজন সাংবাদিকও ঘটনাটি দেখেন। কিন্তু চাবি আনায় মোটরসাইকেল নিয়ে যেতে তাদের আর বাধা দেননি তারা।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান, ইতোমধ্যে সারাদেশের থানাগুলোতে শরিফুলের ছবি সম্বলিত মেসেজ (বার্তা) পাঠানো হয়েছে। সম্ভাব্য সব স্থানে তার খোঁজ নেয়া হচ্ছে। শরিফুলের নিখোঁজের বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

স/আর