নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটে ইয়াবা চক্রের বিষয়ে সংবাদ প্রকাশের ঘটনায় দৈনিক যুগান্তর পত্রিকার রাবি প্রতিনিধি এবং এসএ টিভির রাজশাহী প্রতিনিধিসহ তিনজনের নামে রাবি শাখা ছাত্রলীগের দুই নেতার দায়ের করা মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
এক বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

নেতৃবৃন্দ মনে করেন, হয়রানীর উদ্যেশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর এসএ টিভিতে ‘ইয়াবা চক্রে জড়িত রাবি ও রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘রাবি ও রুয়েটে ইয়াবা ব্যবসায় ৪৪ শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়। এতে রাবি ছাত্রলীগের ১১ জনের নাম উল্লেখ করা হয়। এর মাধ্যমে ছাত্রলীগ নেতাদের মানহানি ঘটানো হয়েছে উল্লেখ করে আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে রাবি ছাত্রলীগের দুই নেতা এ মামলা দায়ের করেন। ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় এ মামলা দায়ের করেন।
মামলায় আসামি দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার রাবি প্রতিনিধি হাসান আদিব রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতির দায়িত্বে রয়েছেন। বাকি দুজন এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম এবং সাঈদ ক্যামেরা পারসন হিসেবে কর্মরত।
স/অ










