সিল্কসিটিনিউজ ডেস্ক:
অনলাইন গেমের ফাঁদে পড়েছিল কিশোরটি। আত্মহত্যার জন্য গেমের অ্যাডমিনদের নির্দেশে ঘর ছেড়ে চেন্নাইয়ে পৌঁছেও গিয়েছিল। কিন্তু শনিবার ওই কিশোরকে চেন্নাই সেন্ট্রাল রেলস্টেশন থেকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করে আরপিএফের একটি দল।
একটি সূত্রের খবর অনুযায়ী, ওই কিশোর পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর আত্মীয়। তবে আরপিএফ কিশোরের নাম-পরিচয় গোপন রেখেছে।

চেন্নাইয়ের আরপিএফ শনিবার এক কিশোরের ঘর ছাড়ার খবর পায়। দিল্লি থেকে পাঠানো ওই তথ্যে তাদের জানানো হয়, শিলিগুড়ি থেকে কলকাতায় গিয়েছে এক কিশোর। শুক্রবার সে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে চেপেছে। আরপিএফ আধিকারিকের হোয়াট্সঅ্যাপে ওই কিশোর সম্পর্কে আরও তথ্য পাঠানো হয়। একটি ছবিও পাঠানো হয় সেইসঙ্গে। তবে সেই ছবিটি আধার কার্ডের জন্য তোলা এবং ঝাপসা। কিন্তু কিশোরটি কোন ট্রেনে চেপেছে। তা দিল্লির সূত্র চেন্নাইয়ের আধিকারিকদের জানাতে পারেনি।
খবর পাওয়ার পরেই চেন্নাইয়ের আরপিএফ ইনস্পেক্টর মোহনের নেতৃত্বে একটি দল গঠন করে। দলটি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে উত্তর-পূর্বাঞ্চল থেকে যাওয়া সব ট্রেনে নজরদারি শুরু করে। করমণ্ডল স্টেশনে ঢোকার পরে আরপিএফের দলটি এক কিশোরকে দেখতে পায়।
প্রথমে কিশোরটি পালানোর চেষ্টা করেছিল। কিন্তু ধরা পড়ার পরে সে গেম খেলে ঘর ছাড়ার বিষয়টি স্বীকার করে। জানায়, সে স্নাতক স্তরের ছাত্র। ব্লু-হোয়েল গেমের অ্যাডমিনদের নির্দেশে আত্মহত্যা করতে চেন্নাই গিয়েছে। মোহন জানিয়েছেন, ধরা পড়ার সময়ে ছেলেটি বিহ্বল দশায় ছিল। তার ব্যাগ থেকে একটি ডায়েরি পায় আরপিএফ। তাতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে, গলায় দড়ি দিয়ে, নিজেকে ছুরি মেরে আত্মহত্যার পদ্ধতি লেখা ছিল।
আরপিএফ ছেলেটির বাবা-মাকে খবর দেয়। রবিবার তাঁদের চেন্নাই যাওয়ার কথা। ছেলেটির বাবা একটি কলেজের অধ্যক্ষ বলে জানা গিয়েছে। একটি অসমর্থিত সূত্রের খবর, কিশোরটি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্যের আত্মীয়। তবে ওই মন্ত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। ওই সূত্রের খবর, চেন্নাইয়ের শিশু কল্যাণ কমিটির আধিকারিকেরা কিশোরটির সঙ্গে কথা বলবেন। তারপর তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে।










