সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

সৌদি আরবের কর্মহীন ভারতীয় শ্রমিকদের দেশে ফেরার আহ্বান

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৬৪ মিনিট পড়া
সৌদি আরবের কর্মহীন ভারতীয় শ্রমিকদের দেশে ফেরার আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে কর্মহীন হয়ে যে হাজার হাজার ভারতীয় শ্রমিক চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন, তাদের অবিলম্বে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

 

তাদের বকেয়া মাইনে আদায়ে সরকার সব রকম চেষ্টা চালাবে ও দেশে ফেরার সব খরচও বহন করবে বলে তিনি জানিয়েছেন।

 

ভারতের ছোট-বড় অসংখ্য গ্রাম-গঞ্জ-শহর থেকে হাজার হাজার মানুষ বিগত তিন-চার দশকে সৌদিতে পাড়ি দিয়েছেন, সৌদির পেট্রোডলারে সমৃদ্ধির মুখও দেখেছে তাদের সেই সব এলাকা।

 

এখন সরকারের এই ফিরে আসার ডাক কি সেই পর্বের পাকাপাকি অবসান ঘটাতে চলেছে?

 

জেদ্দায় বহুদিন কাজ করা সাবেক ভারতীয় কূটনীতিক পিনাকরঞ্জন চক্রবর্তীর অভিজ্ঞতা বলে, সৌদিতে এসে কাজ হারালেও ভারতীয় শ্রমিকরা চট করে দেশে ফিরতে চান না।

 

একেতো দেশে ফিরে কোনও চাকরি তাদের অপেক্ষায় থাকে না, আর তা ছাড়া মাটি কামড়ে পড়ে থেকে তারা আশা করতে থাকেন – একদিন নিশ্চয় সুদিন ফিরবে। বকেয়া বেতন-ভাতা পাওয়ার আশাতেও থেকে যেতে চান অনেকে।

 

কিন্তু তেলের দাম পড়ে যাওয়ার ধাক্কায় সৌদিতে এবারে যে অভূতপূর্ব সঙ্কট তৈরি করেছে, তার জেরে কাজ হারানো শ্রমিকরা এখন ভারতে ফিরতে পারলেই বাঁচেন।

 

অসহায় ভঙ্গীতে সৌদির একটি শ্রম-শিবির থেকে সে কথাই বলছিলেন পশ্চিমবঙ্গের হাঁসখালির পলাশ দাশ।

 

তিনি বলছিলেন, ‘‘চার মাস হয়ে গেল কোনও কাজ নেই – কী অবস্থায় আছি বোঝানো যাবে না। মানুষ বোধহয় কুকুরকেও এর চেয়ে ভাল রাখে। আমাদের এমব্যাসির লোকেরা এসে শুধু সান্ত্বনা দেয়, কাজের কাজ কিছুই হয় না!’’

 

‘‘এখন আমাদের এমন অবস্থা যে হাতে টিকিট আর পাসপোর্ট পেলেই দেশে ফিরব। আমরা দূতাবাসের লোকজনকে আমাদের বেতন, ভাতা, সুবিধা সব আদায় করার অধিকার লিখে দিয়ে দিয়েছি।’’

 

এই পলাশ দাশের মতো হাজার হাজার শ্রমিককে নিখরচায় দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে ভারত সরকারও অবশেষে মেনে নিল – সৌদিতে অচিরেই অবস্থার উন্নতি হওয়ার কোনও আশা নেই।

150206121652_indian_labour_worker_640x360_epa_nocredit

সৌদি থেকে পাঠানো রেমিট্যান্সের পরিমাণে ভাঁটা নেমেছে গত বছর থেকেই – এখন কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্র, কর্নাটক বা পশ্চিমবঙ্গর মতো দেশের বিভিন্ন রাজ্যের গ্রামে-গঞ্জে সৌদির অর্থ যে পরিবর্তনের সূচনা করেছিল সেটাও থমকে যেতে বাধ্য।

 

অমর্ত্য সেনের প্রতীচি ট্রাস্টের সঙ্গে যুক্ত গবেষক সাবির আহমেদ বলছিলেন সৌদিফেরত এই শ্রমিকরা, যাদের একটা বড় অংশই মুসলিম, তারা বেকার হয়ে নিজেদের গ্রামে ফিরলে সেটা শুধু আর্থিক নয় – সামাজিক উন্নয়নকেও ব্যাহত করবে।

 

তিনি জানাচ্ছেন ‘‘পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ বা দক্ষিণ ২৪ পরগণার মতো জেলাগুলো – যেখান থেকে মুসলিমদের সংগঠিত ক্ষেত্রে চাকরির সুযোগ কম – তারা প্রচুর সংখ্যায় সৌদিতে কাজের সন্ধানে যান।’’

 

‘‘এখন সৌদির এই অ্যাভিনিউটা বন্ধ হয়ে গেলে হয়তো দেখব এই মুসলিম পরিবার থেকে যে নতুন মধ্যবিত্ত তৈরি হচ্ছিল, যে বাড়ির মেয়েরা স্কুলে যাচ্ছিল কিংবা সোশ্যাল মোবিলিটির নানা ধাপে পা-রাখছিল সেগুলো বাধা পাবে’’, বলছিলেন সাবির আহমেদ।

 

তবে সৌদির অর্থনীতি ও শ্রমবাজারের বিশেষজ্ঞ এবং জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: কামার আগা মনে করিয়ে দিচ্ছেন, সৌদিতে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই আগেও হয়েছে – যদিও এবারের চ্যালেঞ্জটা বেশ অন্য রকম।

 

প্রফেসর আগা বলছেন, ‘‘প্রতি দশ বছর অন্তরই সৌদি প্রচুর শ্রমিক ফেরত পাঠিয়ে থাকে – তারপর কম পারিশ্রমিকে নিয়োগ করে নতুনদের। আমি অন্তত তিনবার এই জিনিস ঘটতে দেখেছি।’’

 

‘‘কিন্তু এখন তারা জানে, তেলের দাম অদূর ভবিষ্যতে বাড়বে না, ফলে তারা বিকল্প আয়ের সন্ধান করছে। আইটি, ম্যানুফাকচারিং, শিক্ষা ইত্যাদি নানা খাতে বিনিয়োগ করে তারা নিজেদের নতুন করে আবিষ্কার করতে চায়।’’

 

‘‘সেই উদ্যোগ সফল হলে আমার ধারণা তারা আবার বছরকয়েকের মধ্যেই ভারত থেকে শ্রমিক নেবে, তবে আপাতত যে সৌদিতে অন্তত ষাট শতাংশ ভারতীয় শ্রমিক কাজ হারাবেন তাতে কোনও ভুল নেই’’, বলছেন প্রফেসর আগা।

 

ফলে সৌদি আরব থেকে পাঠানো অর্থে ভারতের গ্রামে গ্রামে যে দালানকোঠা উঠছিল, বাড়ির মেয়েরা স্কুলে যাচ্ছিল কিংবা বসার ঘরে হাজির হচ্ছিল পেল্লায় এলইডি টিভি, সেই সব স্বপ্নেই আপাতত ছেদ পড়ছে।

 

তবে সেটা সাময়িক, না কি সৌদির দরজা ভারতের জন্য পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে – তার উত্তর নির্ভর করছে আরও অনেকগুলো ফ্যাক্টরের ওপর।

সূত্র: বিবিসি বাংলা