সদ্য প্রকাশিত
বিচিত্র

প্লেন চালিয়ে তাক লাগাল ৬ বছরের খুদে

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
প্লেন চালিয়ে তাক লাগাল ৬ বছরের খুদে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিশুমনে কত কল্পনাই ভেসে আসে! মনের খেয়ালে সে কখনও জঙ্গলে শিকার করতে চায়। আবার কখনও বা স্বপ্ন দেখে আকাশে উড়ে বেড়াচ্ছে এরোপ্লেন চালিয়ে। সেই কচি মনের খেয়াল নিয়ে কে আর মাথা ঘামায়! কিন্তু যদি সেই কল্পনা হয়ে ওঠে বাস্তব। তখন চোখ কচলে দেখতেই হয়, যা দেখছি তা সত্যি নাকি! ছ’বছরের অ্যাডামের বিমান চালানো দেখে বাস্তবিকই চোখ কপালে উঠে গিয়েছে সকলের। পোস্ট করার পর থেকেই সেই ভিডিও ভাইরাল।

সংযুক্ত আরব আমিরশাহির এতিহাদ এয়ারওয়েজ ‘একদিনের পাইলট’ অ্যাডামের সেই ভিডিও শেয়ার করেছে ফেসবুকে। আপাতত ২১ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছে সেই ভিডিও। ছোট্ট অ্যাডামকে এরোপ্লেন চালাতে দেখে মুগ্ধ ফ্লাইটের ক্যাপ্টেন সামির ইয়াকলেফও। তিনি ককপিটের ভিডিওটি তোলেন। যা এখন ভাইরাল।

কিন্তু কী করে খুদে অ্যাডাম শিখে ফেলল এরোপ্লেন চালানো! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গিয়েছে, ইউটিউব দেখেই সে শিখে ফেলেছে পাইলটের কলাকৌশল।

ফেসবুকে অ্যাডামের ভিডিও দেখে উচ্ছ্বসিত সকলে। এই বয়সের একটি শিশুর এ হেন প্রতিভার পরিচয় পেয়ে সকলেই মুগ্ধ।

অ্যাডামের স্বপ্ন একদিনের নয়, এক্কেবারে পেশাদার পাইলট হওয়া। এই বয়সেই তার দক্ষতা দেখে সকলে নিশ্চিত সেই স্বপ্ন পূরণ হওয়া কেবলই সময়ের অপেক্ষা।