সদ্য প্রকাশিত
বিচিত্র

‘শত্রুরা তৈরি করেছিল, তাই ভারতের কলঙ্ক তাজমহল’

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
‘শত্রুরা তৈরি করেছিল, তাই ভারতের কলঙ্ক তাজমহল’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগ্রার তাজমহল দেশের গৌরব নয়, বরং কলঙ্ক। তাজমহল তৈরি করেছিল দেশের শত্রুরা। এমনই দাবি করলেন উত্তর প্রদেশের শাসক দল ভারতীয় জনতা পার্টির বিধায়ক সঙ্গীত সোম।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাজমহলকে। বিশ্বের অষ্টম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি থাকলেও তাকে মান্যতা দিতে নারাজ যোগী আদিত্যনাথের সরকার। এই নিয়ে এখনও বহাল রয়েছে বিতর্ক। এরই মাঝে বিধায়ক সঙ্গীত সোমের এই ধরণের বক্তব্য যেন ঘি ঢালল সেই বিতর্কের আগুনে।

উত্তর প্রদেশের সারধানা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছেন সঙ্গীত সোম। রবিবার মীরাট জেলার সিসোলি গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তিনি বলেছেন, “তাজমহল ভারতীয় সংস্কৃতির একটি কলঙ্ক। ওই স্মৃতি সৌধ যে(শাহজাহান) নির্মাণ করেছিল সে নিজের বাবাকে হত্যা করেছিল।” একইসঙ্গে তাঁর আরও দাবি, “ভারতীয় ইতিহাসে কখনই তাজমহলের স্থান পাওয়া উচিত নয়। কারণ দেশের শত্রু মোঘলরা তাজমহল তৈরি করেছিল।”

তাজমহলের সঙ্গে সঙ্গে মহম্মদ আলি জহর বিশ্ববিদ্যালয়কেও আক্রমণ করেছেন বিধায়ক সঙ্গীত সোম। তিনি বলেছেন, “ওই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে একটা জঙ্গি ঘাঁটি।” উত্তর প্রদেশের রামপুর এলাকায় অবস্থিত উক্ত বিশ্ববিদ্যালয়টি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। মুসলিম নেতা মহম্মদ আলি জহরের নামে চলা ট্রাস্ট সেই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে রয়েছে।

বিধায়ক তথা বিজেপি নেতা সঙ্গীত সোম এর আগে একাধিকবার উস্কানিমূলক বক্তব্য পেশ করে বিতর্কে জড়িয়েছেন। মুজফফরনগরের হিংসা নিয়ে করা বক্তব্যের জেরে তাঁকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। সঙ্গীত সমের এহেন আচরণের কারণে তাঁর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে বিজেপি নেতৃত্ব। দলীয় মুখপাত্র অনিলা সিং বলেছেন, “সঙ্গীত সোমের বক্তব্য তাঁর একান্তই ব্যক্তিগত অভিমত। এটা ভারতীয় জনতা পার্টির বক্তব্য নয়।” কলকাতা 24