সিল্কসিটিনিউজ ডেস্ক:
জৈন ধর্মাবলম্বীদের অনেকের মধ্যেই সংসার ত্যাগের নজির দেখা যায়। তবে সেটা কিছুটা বয়স হওয়ার পরে। কিন্তু কার্যত বেনজির ভাবেই মাত্র ৩৫ বছরের সুমিত রাঠৌর ও তাঁর স্ত্রী বছর ৩৪-এর অনামিকা সন্ন্যাস নিচ্ছেন। আরও বড় কথা তাঁদের একটি তিন বছরের কন্যা থাকা সত্বেও ওই দম্পতি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতের মধ্যপ্রদেশের নিমাচে বাস করে এই রাঠৌর পরিবার। সুমিত লন্ডন থেকে ইম্পোর্ট-এক্সপোর্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছেন। স্ত্রী অনামিকাও ইঞ্জিনিয়ার।

বিদেশ থেকে কিছু দিন আগেই ফিরে পারিবারিক সিমেন্টের বস্তার ব্যবসায় যোগ দেন সুমিত। তাঁদের বিয়ে হয়েছে বছর চারেক আগে। মেয়ের বয়স তিন। কেন এমন সিদ্ধান্ত নিলেন ওই রাঠৌর দম্পতি? স্বাভাবিক ভাবেই উঠেছে সে প্রশ্ন।
জানা গিয়েছে, এই সিদ্ধান্ত আচমকা নয়। মেয়ে হওয়ার পর থেকেই নাকি সন্ন্যাসগ্রহণের প্রস্তুতি শুরু হয়। মেয়ে একটু বড় হতেই ব্রহ্মচর্য পালন শুরু করেন রাঠৌর দম্পতি। আলাদা থাকতে শুরু করেন সুমিত ও অনামিকা।
গত অগস্ট মাসে সুমিত গুজরাতের সুরাতে একটি অনুষ্ঠানে আচার্য রামলালের কাছে দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পরে স্ত্রীও দীক্ষা নিতে চান। এখন দু’জনেই চাইছেন সংসার ছেড়ে সন্ন্যাস নিতে।
আগামী ২৩ সেপ্টেম্বর সুরাতে সুধামার্গী আচার্য রামলাল মহারাজের কাছে দীক্ষা নেবেন ওঁরা। দীক্ষা নেওয়ার আগে মৌনব্রত নিয়েছেন রাঠৌর দম্পতি। শুধু পরিচিত মহল নয়, পরিবারেও উঠেছে প্রশ্ন, কোন আধ্যাত্মিক টানে দুধের শিশুকে ছেড়ে সন্ন্যাসব্রত নিতে চলেছেন সুমিত-অনামিকা?










