সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফেসবুক থেকে মহিলাদের ছবি নিয়ে অশালীন ‘পেজ’এ পোস্ট করা হচ্ছে বলে বুধবার লালবাজারে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দাখিল করলেন বিজয়গড়ের এক মহিলা। তাঁর ছবি একটি পেজের ‘ডিসপ্লে পিকচার’ করা হয়েছে বলে অভিযোগ। ওই মহিলার দাবি, শুধু তিনি নন, অনেক মহিলাই এই সাইবার অপরাধের শিকার হয়েছেন।
অভিযোগকারিণী বলেন, ‘‘ফেসবুক থেকে আমাদের ছবি সংগ্রহ করে একাধিক পেজ খোলা হয়েছে। সেগুলির নামও বড় অদ্ভুত। ছবিগুলি বিকৃত করা না-হলেও সেগুলি সম্পর্কে যে কমেন্ট আসছে তা খুবই অশালীন। এমনকী, সেখানে যৌনকর্মীদের ফোন নম্বরও দেওয়া হয়েছে।’’

ওই মহিলার এক বান্ধবী প্রথম তাঁকে ঘটনাটি জানান। অভিযোগকারিণীর কথায়, ‘‘গত দু’দিনে এমন ১০-১৫টা অশালীন পেজের সন্ধান পেয়েছি। আমাদের বহু মিউচুয়াল ফ্রেন্ডের ছবি ওইসব পেজে রয়েছে। প্রত্যেকটা ছবির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে। এমনকী, পরিবারের বয়স্ক মহিলার ছবিও পোস্ট করা হয়েছে কয়েকটি পেজে।’’
অভিযোগকারিণী জানান, সেই ছবিগুলি সম্পর্কে অশালীন মন্তব্য করা হয়েছে। ছবিগুলি লাইক এবং শেয়ার হয়েছে। কোনও কোনও ছবিতে দেড় লক্ষের বেশি লাইক হয়েছে। পেজগুলিতে টেক্সট মেসেজ করা হলে পাল্টা গালিগালাজ করা হচ্ছে। হেনস্থার শিকার মহিলারা ইতিমধ্যেই ফেসবুকে ঘটনার কথা জানিয়ে পোস্ট করেছেন।
ওই পেজগুলির নাম এবং সেগুলির ‘ইউআরএল’ পুলিশের কাছে লিখিতভাবে জমা দিয়েছেন ওই মহিলা। তাঁর দাদা বলেন, ‘‘পুলিশ আধিকারিকেরা আমাদের জানিয়েছেন, তাঁরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। ৮-১০ দিনের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষের থেকে জবাব পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। তারপর আমাদের আবার ডাকবেন তদন্তকারীরা। আগেও এই ধরনের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। অনেক ক্ষেত্রেই অভিযুক্তদের ধরা গিয়েছে।’’ তিনি জানান, দমদম, বিজয়গড়়, নরেন্দ্রপুর এবং বর্ধমানের বাসিন্দা চার মহিলাকে তাঁরা একজোট করতে পেরেছেন। তাঁদের ছবিও বিভিন্ন অশালীন ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এবেলা










