সদ্য প্রকাশিত
বিচিত্র

ডিউটির কারণে আত্মহত্যা করতে পারেন স্বামী, পুলিশ কমিশনারকে চিঠি স্ত্রীর

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
ডিউটির কারণে আত্মহত্যা করতে পারেন স্বামী, পুলিশ কমিশনারকে চিঠি স্ত্রীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের কাজের ডিউটি শিফট নিয়ে খুশি নন তিনি৷ এতটাই অখুশি যে যেকোনও মুহূর্তে তিনি করতে পারেন আত্মহত্যা৷ একথা জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন এক পুলিশ অফিসারের স্ত্রী৷

চিঠিতে উল্লিখিত সেই পুলিশ অফিসার দিল্লি পুলিশে চাকরি করেন৷ তবে তাঁর নাম ও ব়্যাঙ্ক নিয়ে কিছু খোলসা করেননি তাঁর স্ত্রী৷ শুধু জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনে তাঁর স্বামীর ডিউটি পড়ে৷ তিনি নিজের ডিউটি শিফট নিয়ে বিরক্ত৷ সেই কারণে ক্রমশ ডিপ্রেশনে চলে যাচ্ছেন৷ পরিস্থিতি ক্রমশ আয়ত্ত্বের বাইরে চলে যাচ্ছে বলেও জানিয়েছেন ওই মহিলা৷ বলেছেন, এবার যদি তাঁর স্বামী কোনও চরম পদক্ষেপ নেন, তাহলে তার জন্য দায় থাকবে পুলিশ ডিপার্টমেন্ট৷

রাষ্ট্রপতি ভবনে নিরাপত্তাকর্মীদের মধ্যে প্রায় ৭০০ পুলিশ রয়েছেন৷ এদের মধ্যে ৪ জন এসিপি, ১ জন ডিসিপি ও জয়েন্ট সিপি রয়েছেন৷ চিঠিতে উল্লিখিত পুলিশ অফিসার এদেরই মধ্যে কেউ কিনা, তা এখনও জানা যায়নি৷ তবে চিঠিটি পুলিশ কমিশনার অমূল্য পটনায়কের হাতে আসামাত্র তিনি সেটি জয়েন্ট কমিশনার ও ডেপুটি কমিশনারকে পাঠিয়ে দিয়েছেন৷ রাষ্ট্রপতি ভবনের সুরক্ষার দায়িত্ব মূলত এদের হাতেই থাকে৷

ইমেলটি করা হয়েছিল হিন্দিতে৷ সেখানে লেখা হয়েছিল, “আমার স্বামীকে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হয়৷ সকাল ৭টায় তিনি কাজে বেরিয়ে যান, রাত ৯টায় ফেরেন৷ এই জন্য তিনি তার পরিবারকে সময় দিতে পারেন না৷ আমরা উদ্বেগে আছি৷ তাঁকে ১২ ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়৷ ১২ ঘণ্টার জন্য দাঁড়িয়ে থাকা কারোর পক্ষে সম্ভব নয়৷” এরপর তিনি অনুরোধ জানিয়েছেন, অফিসারদের যেন ৬ ঘণ্টা ডিউটি শিফট দেওয়া হয়৷ লো-ব়্যাঙ্ক অফিসারদের উন্নতির কথাও বলেন তিনি৷ বলেন, “এমন হলে তিনি (উল্লিখিত অফিসার) তাদের পরিবারকে সময় দিতে পারবেন৷ তা না হলে, চাপের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন৷ তেমন হলে পুলিশ ফোর্স এর জন্য দায়ি থাকবে৷”

ওই মহিলার অভিযোগ যে খুব একটা মিথ্যা নয়, একটি নথিতে তার প্রমাণ আছে৷ আগে একটি তথ্য প্রকাশ পেয়েছিল৷ সেখানে দেখানো হয়েছিল, ২০১২ সালের জানুয়ারি থেকে এবছর জুলাই পর্যন্ত দিল্লি পুলিশের ৪৩ জন কর্মী আত্মহত্যা করেছেন৷ এই বছরই আত্মহত্যা করেছেন ৪ জন৷ সূত্র: কলকাতা 24