সদ্য প্রকাশিত
বিচিত্র

মদ না খেলে অ্যাসিডে পুড়তে হবে, এমনই হুমকি শহরের নামি কলেজে

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
মদ না খেলে অ্যাসিডে পুড়তে হবে, এমনই হুমকি শহরের নামি কলেজে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যাসিড হামলার ভয় দেখিয়ে গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কয়েকজন ছাত্রীকে মদ খাওয়ানোর অভিযোগ উঠল। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত কলেজের ছাত্র সংসদের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়েছে কলেজ পরিচালন সমিতির কাছে।

ইংরেজি সাহিত্যের প্রথমবর্ষের এক ছাত্রীর অভিযোগ, এদিন বিকেলে ক্লাস শেষে কলেজ থেকে বার হওয়ার সময় আচমকা তাঁদের ঘিরে ধরেন অভিযুক্তেরা। তাঁর কথায়, ‘‘ইউনিয়ন রুমের পাশ দিয়ে বাইরে যাওয়ার সময় আমাদের ওরা ঘিরে ধরে। বলে মদ খেতে হবে। আমরা রাজি হইনি। এরপর ওরা বলে, মদ না-খেলে অ্যাসিড বাল্ব ছোড়া হবে। ফলে আমরা মদ্যপানে বাধ্য হই।’’

ওই ছাত্রীর আরও বক্তব্য, ‘‘কেন এমন করা হচ্ছে জানতে চাইলে ওরা বলে, র‌্যাগিং করা হচ্ছে। ওরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদ করে।’’ ঘটনার কথা ওই ছাত্রী ফোন করে তাঁর মাকে জানান। ছাত্রীর মা আজ, বুধবার কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলতে আসবেন।

কলেজ পরিচালন সমিতির সম্পাদক তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। অধ্যক্ষকে অভিযোগ তদন্ত করে দেখতে বলেছি।’’

দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া্, ‘‘কলেজে কী হয়েছে জানি না। ২৮ অগস্ট উপলক্ষে হাজরা মোড়ে আজ আমাদের প্রস্তুতিসভা ছিল। সেখানে ওই কলেজের প্রতিনিধিরাও ছিলেন। এই ঘটনা কারা ঘটিয়েছে, খৌঁজ নিতে হবে।’’

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভর্তিপ্রক্রিয়া চলাকালীন এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগ ওঠে ওই কলেজেরই ছাত্র সংসদের কয়েকজন প্রতিনিধির বিরুদ্ধে। ওই ঘটনায় কলেজ পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।