সদ্য প্রকাশিত
বিচিত্র

শ্লীলতাহানির পরে অভিযুক্তকে নিজেই চরম শাস্তি দিলেন সাহসিনী

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
শ্লীলতাহানির পরে অভিযুক্তকে নিজেই চরম শাস্তি দিলেন সাহসিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক: বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময়ও ছাড় পেলেন না তরুণী। প্রকাশ্যেই তরুণীর শ্লীলতাহানি করল শুভ মাহাতো নামের এক যুবক। ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর রেল স্টেশনে।

শুক্রবার স্টেশন থেকে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। স্টেশনেই শুভ মাহাতো তরুণীর উপরে চড়াও হয় এবং তাঁর শ্লীলতাহানি করে। তরুণীর বাবা বাধা দিতে গেলে তাঁদের খুনের হুমকিও দেয় অভিযুক্ত। এমনকী, পরিবারের প্রত্যেককে কটূক্তি করতে থাকে সে। সেই সময় অভিযুক্তের হাত চেপে ধরে চিৎকার করতে শুরু করেন তরুণী। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ধরে ফেলেন অভিযুক্তকে। এর পরে অভিযুক্তকে তুলে দেওয়া হয় জিআরপি-র হাতে।

বারুইপুর রেল পুলিশ সূত্রে খবর, এর আগেও ওই যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। একাধিক বার পুলিশের হাতে চুরি, ছিনতাই ও শ্লীলতাহানির ঘটনায় ধরাও পড়েছে শুভ মাহাতো নামের ওই যুবক।

অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য এলাকার মানুষ এবং পুলিশও প্রশংসা করেছে তরুণীর। প্রকাশ্যে শ্লীলতাহানি এবং খুনের হুমকি পেয়েও, অভিযুক্তকে ধরে রেখেছিলেন বলেই তাকে সহজে পাকড়াও করা গিয়েছে বলে জানায় পুলিশ।

সাহসিনীর কথায়, ‘‘বাবা-মা কলকাতায় দিনমজুরের কাজ করেনI আমি অন্যান্য দিনের মতো বাবা-মায়ের জন্য স্টেশনে অপেক্ষা করছিলামI তাঁরা কলকাতা থেকে ফিরলে একসঙ্গে হেঁটে রেল লাইন টপকে সুবুদ্ধিপুর বেলতলায় বাড়ির দিকে রওনা দিই। যাওয়ার পথে স্টেশনের উপরেই এই ছেলেটি আমাদের সঙ্গে অভব্য আচরণ করে।” ধৃতকে শনিবার শিয়ালদহ আদালতে তুলেছে বারুইপুর জিআরপি।