সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

এখনও টিপু সুলতানের বংশধর বেঁচে এ শহরেই, কীভাবে দিন কাটছে তাঁর

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
এখনও টিপু সুলতানের বংশধর বেঁচে এ শহরেই, কীভাবে দিন কাটছে তাঁর

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রিন্স আনোয়ার শাহ রোডে রিকশ চালান আনোয়ার শাহ! টিপু সুলতানের নাতি প্রিন্স আনোয়ার শাহ যাঁর পূর্বপুরুষ। বংশপরিচয়ের কথা বলতে গিয়ে যিনি বলেন, ‘‘নামটাই যা সম্বল। তবে পিতৃপুরুষের নামের রাস্তা দিয়ে যখন রিকশ চালাই, তখন ভাবি, নবাবই তো চলেছেন।’’

ব্যস! এটুকুই। এবং এটুকুই নয়। শর্ত ছিল, পরিবারের সদস্যদের ছবি তোলা যাবে না। তাতে মানহানির সম্ভাবনা।
ভাঙাচোরা ছ’কামরার ‘প্রাসাদে’ ছেলেমেয়ে মিলিয়ে ২০ জন সদস্য। মাথায় টিনের চাল। আর তার দেওয়াল যে কতবার ভেঙে পড়েছে, ইয়ত্তা নেই। টিপুর জ্যেষ্ঠ পুত্র ফতে হায়দারের পরিবারের সপ্তম পুরুষ আনোয়ার বলেন, ‘‘পয়সার জন্য লেখাপড়া করতে পারিনি। কিছুদিন পানবিড়ি বেচেছিলাম। পরে রিকশ চালাতে শুরু করি।’’

আনোয়ারের অন্য তিন ভাই মহম্মদ সানোয়ার শাহ, মহম্মদ দিলওয়ার শাহ, মহম্মদ হোসেন আলি শাহ। রিকশ চালান সানোয়ারও। আর হোসেন আলি এলাকাতেই গাড়ির সিট-র‌্যাপার তৈরি করেন। দিলওয়ার বলেন, ‘‘একসময় আমিও রিকশ চালাতাম। টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি। এখন এলগিন রোডে একটি রেস্তোরাঁয় কাজ করি। দেখছেন তো, পুরনো বাড়ি ভেঙে পড়েছে। সারানোরই পয়সা নেই।’’

তথ্য বলছে, ১৮৭২ সালে টিপুর আরেক পুত্র প্রিন্স গোলাম মহম্মদ তাঁদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য ‘প্রিন্স গোলাম মহম্মদ শাহ ওয়াকফ এস্টেট’ তৈরি করেন।

বর্তমানে এই এস্টেটের কো-ট্রাস্টি তথা এই বংশেরই এক সদস্য সাহেবজাদা মহম্মদ সাহিদ আলমের কথায়, ‘‘প্রিন্স আনোয়ার শাহ রোডে টিপুর বড় ছেলে ফতে হায়দারের সপ্তম পুরুষ রয়েছেন। দাতব্য ট্রাস্টের শর্তানুযায়ী টিপু সুলতানের বংশের কোনও উত্তরাধিকারী এই ট্রাস্ট থেকে সাহায্য পাবেন। সেইমতো আনোয়ার শাহ পরিবারকে অর্থ সাহায্য করা হয়। তবে টাকার পরিমাণ যাতে আরও বাড়ানো যায়, সেই চেষ্টা করছি।’’

ওই এস্টেটের সদস্যরা জানান, ইংরেজদের বিরুদ্ধে ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে টিপু মারা যাওয়ার পর তাঁর ১১ জন ছেলেকে কলকাতায় পাঠানো হয়েছিল। থাকতে দেওয়া হয়েছিল টালিগঞ্জ এলাকার আশপাশে। সে সময়ে অঞ্চলটিকে বলা হতো রসা পাগলার গ্রাম। ১৮০৭ সালের ১৯ অক্টোবরের ‘লর্ড মিন্টোজ মিনিট’এর মাধ্যমে টিপুর বংশধরদের পুনর্বাসনের ব্যবস্থা হয়। এরপরেই টালিগঞ্জে বিভিন্ন ‘মহল’ তৈরি করা হয় তাঁদের থাকার জন্য। তবে ১৮৬২ সাল পর্যন্ত এই পরিবারকে নজরবন্দি করে রাখা হয়েছিল, যাতে তাঁরা মাইসুরু গিয়ে দলবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করতে পারেন।

তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছেন টিপুর বংশধরেরা। ২০০৪ সালে এই পরিবারের সদস্যদের কিছু আর্থিক অনুদান দেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কাউন্সিলর মমতা মজুমদার বলেন, ‘‘সরকারি তরফে যাতে এই পরিবারকে আর্থিক সাহায্য করা যায়, সেই ব্যাপারে চেষ্টা করছি।’’