সিল্কসিটিনিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাকর্মীদের তালিকা তৈরি করার ঘোষণা দিয়েছিলেন। তাদের দল থেকে বহিষ্কার করারও পরিকল্পনা নেয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এ অবস্থায় বিতর্কিত মন্তব্য করে বেশ বিপাকে রয়েছেন ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের এমপি ডা. এনামুর রহমান।
সম্প্রতি ক্রসফায়ার নিয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের কারণে আওয়ামী লীগের মনোনিত ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমানকে শোকজ করছে আওয়ামী লীগ।
রোববার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সম্প্রতি সাভারের এমপি এনামুরের দেয়া এক সাক্ষাতকার নিয়ে যে সমালোচনা হচ্ছে, আমাদের কাছে এর অভিযোগ এসেছে। আমরা এই ব্যপারটিকে সিরিয়াসলি নিচ্ছি। এ বিষয়ে তাকে (এনামুর) শোকজ করা হচ্ছে। এটা আমাদের সম্পাদকমন্ডলীর সভায় সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য পূর্বপশ্চিমকে বলেছেন, আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড নেতারাই বেশি বিতর্ক তৈরি করে দলকে বিপাকে ফেলেছে। তাদের আর কোনো ছাড় দেয়া হবে না। ডা. এনামুর রহমানকে শোকজের জবাব সন্তোষজনক না হলে তাকে দল থেকে বহিষ্কার করার চিন্তাও রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের। তাহলে শেষ পর্যন্ত এনামকে কি শাস্তি দিবে আওয়ামী লীগ- এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মাঝে।










