সিল্কসিটিনিউজ ডেস্ক: ‘হু লেট দ্য ডগ্স আউট? হু, হু…’! গান চলছে সুইমিং পুলের ধারে। আর পুলে দাপাচ্ছে সন্দেশ, টফি, বাদশা, তুবড়ি, প্রিন্স।
সুইমারেরা প্রত্যেকেই সারমেয়। শনিবার বিকেলে সল্টলেকে এদের জন্যই পুল পার্টির আয়োজন করা হয়েছিল।
সল্টলেকের এফ ডি ব্লকে নিজের বাড়ির ছাদে গত দু’মাস ধরে গৃহপালিত কুকুরদের সুইমিং পুল চালাচ্ছেন অসীমা দত্ত রায়। তাঁর নিজেরও সাতটি কুকুর আছে। স্বাস্থ্যশিবির, নির্বীজকরণ-সহ কুকুরদের জন্য একাধিক কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কিন্তু শেষে কুকুরদের পুল পার্টি! অসীমা বলেন, ‘‘আমি মনে করি ওদের নিজস্ব জগৎ রয়েছে। ওদের মধ্যেও বন্ধুত্ব হওয়া উচিত। ওদেরও বিনোদন দরকার।’’ তবে তিনি জানান, পার্টির আরও একটি উদ্দেশ্য কুকুরের মালিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। কীভাবে পোষ্যদের আরও ভাল রাখা যায় সে সম্পর্কে আলোচনা।
অসীমা অবশ্য বিজ্ঞাপনের উপর নির্ভর করেননি। পার্টির পুরো প্রচারটাই করেছিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। তিনি জানান, প্রায় ৫০ জন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পোষ্যের চিকিৎসক সুভাষ সরকারের সাহায্যে ১৬টি কুকুরকে পার্টির জন্য বেছে নেন তিনি। প্রতিটি সারমেয়কে দেওয়া হয়েছে উপহার।

কাঁকুড়গাছি থেকে বাদশা এবং সন্দেশকে নিয়ে এসেছিলেন অদিতি চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘বিদেশে তো পোষ্যদের বিনোদনের জন্য হরেক ব্যবস্থা রয়েছে। আমাদের শহরে সবে এ রকম উদ্যোগ শুরু হয়েছে। সে কারণেই আমি উৎসাহিত হয়েছি।’’ তুবড়িকে নিয়ে মৌলালি থেকে এসেছিলেন উজ্জয়িনী চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কলকাতায় শুনেছি পোষ্যদের রেস্তোরাঁ চালু হয়েছে। ধীরে ধীরে যে এই ধরনের উদ্যোগ শুরু হয়েছে, এটাই ভাল ব্যাপার।’’ সূত্র: এবেলা










