সিল্কসিটিনিউজ ডেস্ক: এক সপ্তাহও কাটেনি। ভারতীয় রেলের বিরুদ্ধে অত্যন্ত নিম্ন মানের এবং খাওয়ার অযোগ্য খাবার পরিবেশনের রিপোর্ট পেশ করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। তার মধ্যেই এ বার পূর্বা এক্সপ্রেসের প্যান্ট্রির বিরিয়ানিতে মরা টিকটিকি মিলল। যা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। মঙ্গলবার দুপুরের এই ঘটনা বুঝিয়ে দিল, রেলের খাবারদাবার যে তিমিরে ছিল, রয়েছে সেখানেই! কিছুই পাল্টায়নি।
বর্ধমান থেকে ওই দিন সকালে উত্তরপ্রদেশের তুন্ডলায় যাবেন বলে পূর্বা এক্সপ্রেসের এইচএ-১ কামরায় উঠেছিলেন সন্তোষকুমার সিনহা নামে এক যাত্রী। দুপুরের খাবারটা রেলের প্যান্ট্রিতেই অর্ডার দিয়েছিলেন। বিরিয়ানি। খিদে পেটে প্যাকেটবন্দি বিরিয়ানি হাতে পেয়ে খেতেও শুরু করেছিলেন। কিন্তু, কয়েক গাল খাওয়ার পরেই তাঁর অক্কা পাওয়ার জোগাড়! বিরিয়ানিতে আস্ত একটা মরা টিকটিকি! কোনও রকমে সেই প্যাকেট ফেলে ট্রেনের বেসিনে ছুটে যান সন্তোষ। বমি করেও স্বস্তি না মেলায় কর্তব্যরত টিকিট পরীক্ষককে শরীর খারাপের কথা জানান। খবর যায় রেলের কন্ট্রোল রুমে। পরের স্টেশনেই তাঁর চিকিত্সার ব্যবস্থা করা হয়। তত ক্ষণে প্যান্ট্রি-ম্যানেজারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। টিকটিকি-সহ বিরিয়ানির ছবি রেল মন্ত্রকের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন ওই যাত্রীর আত্মীয় মেঘনা সিনহা।
পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার বলেন, ‘‘ওই যাত্রীকে প্যান্ট্রি থেকে যে বিরিয়ানি দেওয়া হয়, তাতে একটা মরা টিকটিকি ছিল। ট্রেনের মধ্যেই ভদ্রলোকের শরীর খারাপ করতে থাকে। ট্রেনটি ঝাঝা পৌঁছনোর পর আমরা খবর পেয়ে চিকিত্সকের ব্যবস্থা করি।’’ পূর্বা এক্সপ্রেসের প্যান্ট্রির দায়িত্বে থাকা সংস্থাটির চুক্তি বাতিল করা হচ্ছে বলেও জানিয়েছেন রাজেশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। রেল মন্ত্রকের তরফে জবাবও দেওয়া হয়।


সন্তোষের সঙ্গে যা হয়েছে, রেল সফরে এমন অভিজ্ঞতা বিরল নয়। যেমন, গত ২৫ জুন দিল্লির আনন্দবিহার থেকে হাওড়াগামী যুব এক্সপ্রেসে উঠেছিলেন মুকেন্দ্র। রাত আটটা নাগাদ ট্রেন ছাড়ার কথা। তাই তিনি রাতের খাবার রেলের ই-ক্যাটারিং পরিষেবায় মোবাইলের মাধ্যমে অর্ডার করেন। কিছু ক্ষণ পর একটি নম্বর থেকে তাঁর অর্ডার নিশ্চিত করা হয়। এর পর খাবারও চলে আসে। মুকেন্দ্রকে দাম বাবদ ১৭৫ টাকা দিতে হয়। কিন্তু, সেই খাবার খেতে গিয়ে মুকেন্দ্র দেখেন গোটাটাই পচে গিয়েছে। একটি দানাও তিনি দাঁতে কাটতে পারেননি। অভিযোগ জানান রেলের কাছে। গত ১৪ জুলাই রেল তাঁর জবাবে যা লিখেছে, তাতে মুকেন্দ্র ভিরমি খাওয়ার জোগাড়।
ই-ক্যাটারিং সার্ভিসের তরফে তাঁকে লেখা হয়েছে, ‘ভেন্ডর অপারগ হওয়ায় আপনার খাবার অনন্তবিহার স্টেশনে আমরা দিতে পারলাম না বলে দুঃখিত।’ অথচ খাবার তো এসেছিল! তা হলে রেল কেন বলল, খাবার দিতে পারলাম না? জবাব পাননি মুকেন্দ্র। বরং নাকের বদলে তিনি নরুণ পেয়েছেন। রেল তাঁকে ওই চিঠিতে একটি ডিসকাউন্ট কুপন দিয়েছে। যার নম্বর উল্লেখ করে জানানো হয়েছে, ওই ভাউচার ব্যবহার করে তিনি পরবর্তী কালে ১০০ টাকা ছাড় পাবেন রেলের খাবারে। বুধবার মুকেন্দ্র বলেন, ‘‘একে তো রাতে কোনও খাবার পেলাম না। উল্টে ১৭৫ টাকা গাঁটগচ্চা। এখন বলছে ১০০ টাকার ছাড় পাব। কী বলব বলুন তো!’
সিএজি-র ওই রিপোর্টে বলা হয়েছিল, ট্রেন সফরে যে জল যাত্রীরা খান তা-ও পানের অযোগ্য। এমনকী, খাবার রান্না বা জল ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্যবিধির ধার না ধারলেও, সেই খাবার বিক্রির সময়ে কিন্তু বাড়তি দাম নিতে পিছপা হচ্ছেন না প্যান্ট্রি কর্মীরা। এমন অভিজ্ঞতার কথাই শোনালেন মনোজ কুমার। হায়দরাবাদের বাসিন্দা এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। এ দিন সেখান থেকে ফোনে বললেন, ‘‘এ মাসের প্রথম দিকে কোনার্ক এক্সপ্রেসে করে ফিরছিলাম। ৩৫ টাকার খাবার ১২০ টাকা দিয়ে কিনেছিলাম। বিল চাইতে গেলে আমাকে শুধু মারতে বাকি রেখেছেন প্যান্ট্রি কর্মীরা। আর সেই খাবার যখন খেলাম, তখন তা পচে গিয়েছে।’’
উত্তরপ্রদেশের রেনুকুটের বাসিন্দা সুদীপকুমার ঝা-এর অভিজ্ঞতা আবার অন্য রকম। গত ১৪ জুলাই তিনি ঝাড়খণ্ড স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেসে করে আনন্দবিহার যাচ্ছিলেন। রাতের খাবারের অর্ডার দেন প্যান্ট্রিতে। ১১০ টাকার খাবার কেনার পর তিনি যখন রেটচার্ট এবং বিল চান, তখন তাঁর টাকা এবং খাবার— দুটো নিয়েই চলে যান ওই প্যান্ট্রি কর্মী। সুদীপ অভিযোগ জানিয়েছেন রেলকে। এ দিন তিনি বলেন, ‘‘টাকাটা বোধহয় জলে গেল। জবাব পাইনি এখনও।’’
এ তো গেল ট্রেনে ভিতরের কথা। প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে কেমন খাবার পরিবেশন করে রেল?
দমদম পার্কের বাসিন্দা অনিলাভ বন্দ্যোপাধ্যায় রোজ কর্মসূত্রে খড়্গপুর যান। তিনি বলছিলেন, ‘‘খড়্গপুর স্টেশনে রেলের ভেন্ডররা যে চা বিক্রি করেন, তা কখনও খেয়ে দেখেছেন? গরম জল ছাড়া আর কিছু পাবেন না। বিস্বাদ। অথচ দাম পাঁচ টাকা। কেউ কেউ আবার সাত টাকাও নেন।’’ নিত্যযাত্রীরা মজা করে অনেকেই বলেন, সকালে ক্যানে যে ক’কাপ চা নিয়ে বেরোন চা বিক্রেতারা, সারা দিনের বিক্রি শেষে সেই একই পরিমাণ চা থাকে ক্যানে। তাঁদের মতে, সারা দিন গরম জল মিশিয়ে চা বাড়ানো হয়! প্ল্যাটফর্মে যে কচুরি, আলুরদম, শুকনো আলুর দম, চপ বা ইডলি বিক্রি হয়, তার মান নিয়েও প্রশ্ন রয়েছে। খোলা ভাবে ওই খাবার ট্রলিতে করে প্ল্যাটফর্মে ঘুরে বিক্রি করা হয়। যা কোনও ভাবেই স্বাস্থ্যসম্মত নয়। মাছি, ধুলোর পাশাপাশি ওই খাবার জীবাণূ আক্রান্তও হতে পারে বলে যাত্রীদের অভিযোগ। সুনীল দাস নামে এক যাত্রী বললেন, ‘‘ওই আলুরদম খেলে আর দেখতে হবে না! হাসপাতালে থাকতে হবে।’’
খোলা ভাবে খাবার বিক্রি করাটা নিয়ম বিরুদ্ধ বলে জানালেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। পাশাপাশি তিনি বলেন, ‘‘আমরা নিয়মিত নজরদারি চালাই। অভিযোগ পেলে ব্যবস্থাও নেওয়া হয়। এমনিতে এ বছর রেল তার খাওয়া-দাওয়ার ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। একটু তো সময় লাগবেই!’’ তিনি আরও জানান, গত ছ’মাসে দক্ষিণ-পূর্ব রেলের কাছে সব মিলিয়ে ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে খাবারের দাম বেশি চাওয়া হয়েছে বলে ২২১ টি অভিযোগ রয়েছে। খাবারের মান নিয়ে ৫২টি অভিযোগ, খাবার পাওয়া যায়নি বলে ১৮টি, খাবার স্বাস্থ্যসম্মত নয় নিয়ে ৫টি, খাবারের পরিমাণ কম নিয়ে ৩টি, খারাপ ব্যবহারের জন্য ২টি অভিযোগ জমা পড়েছে। তাঁর দাবি, সব ক’টি অভিযোগই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এই বাজারে রেলের খাবার নিয়ে সন্তোষ প্রকাশ করলেন অণিমা পাল। রাজধানী এক্সপ্রেস থেকে নেমে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে বললেন, ‘‘আমার কিন্তু খাবার নিয়ে কোনও অভিযোগ নেই। বরং রাতবিরেতে রেল খাবার না দিলে কোথায় পেতাম! দাম একটু বেশি নিলে কী আর করা যাবে। মানও কিন্তু বেশ ভাল।’’ তবে অণিমা দেবীর মতো অভিজ্ঞতা আর ক’জনের হয়!
রেলের পোড়া মুখে রোজই কালির দাগ লাগছে। অণিমাদেবীদের মতো দু’এক জনের অভিজ্ঞতা কি তা মুছে দিতে পারবে? সূত্র: আনন্দবাজার










