সদ্য প্রকাশিত
রাজনীতি

আন্দোলনে সফল নয় রাবির বাম সংগঠনগুলো: কর্মী সংকটকেই দায়ী করছেন নেতারা

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৭৩ মিনিট পড়া
আন্দোলনে সফল নয় রাবির বাম সংগঠনগুলো: কর্মী সংকটকেই দায়ী করছেন নেতারা

রেদওয়ানুল হক বিজয়, রাবি:
সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করলেও কর্মী সংকটের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাম রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে ভেঙ্গে পড়েছে সংগঠনগুলো। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের হামলা ও হয়রানির কারণে ইচ্ছা থাকলেও শিক্ষার্থীরা বাম সংগঠনে যুক্ত হওয়ার সাহস পাচ্ছে না। ফলে দেখা দিয়েছে কর্মী সংকট। আর এ কারণেই আন্দোলন করেও কোন সাফলতা পাচ্ছে না সংগঠনগুলো।

ক্যাম্পাসে ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ চারটি বাম রাজনৈতিক দল থাকলেও আগের মতো তাদের আর আন্দোলন-সংগ্রাম করতে দেখা যাচ্ছে না। তবে এরূপ পরিবেশ সৃষ্টিতে চারটি সংগঠনের নেতারাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের আধিপত্যকে দায়ী করছেন।

রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় যদি কখনো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আঘাত হানে সেই অবস্থায় বাম সংগঠনগুলোই মূলত এগিয়ে আসে। বর্তমানে রাজনীতির এই কলুষিত অবস্থায় সবকিছু হয়ে গেছে স্বার্থকেন্দ্রীক। যার কারণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোতে যারা অস্ত্রবাজিতে পারদর্শী এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী তাদের পাল্লা ভারি হচ্ছে। শিক্ষার্থীরা যদি সচেতনতার সাথে ও স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতো তবে এই অবস্থা বিরাজ করতো না। আমাদের যে মূল লক্ষ্য ও উদ্দেশ্য কর্মী সংকটের কারণে আমরা তা অনেকাংশেই বাস্তাবায়ন করতে পারি না। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হত তাহলে হয়তো এ অবস্থা থেকে উত্তরণের একটা সম্ভাবনা ছিল।

ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারুক ইমন, ‘সামগ্রিকভাবে আমি মনে করছি না যে ছাত্ররা নামছে না বা কাজ করছে না। বাংলাদেশে যে সামাজিক অবস্থা বা রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলিয়ে শিক্ষার পরিবেশ যখন ঠিকমতো না থাকে তখন ছাত্রদের মধ্যে কি করবো কি না করবো এরকম সংশয় তৈরি হয়। ফলে ছাত্র সংগঠনগুলো ঠিকমতো কর্মী পায় না। শুধু রাজনৈতিক সংগঠন নয়, সাংস্কৃতিক সংগঠন, সামজিক সংগঠনগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।

কর্মী সংকটের পেছনে রাকসু নির্বাচন না হওয়াকে অন্যতম কারণ বলে মনে করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়। তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং ৯০ পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অগ্রণী ভূমিকা ছিল। আন্দেলনগুলোতে ঢাকসু, রাকসুর মত ছাত্রসংসদগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বৈরাচারের পতনের পর যখন দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রবর্তন হল তখন ছাত্র সংসদ বন্ধ করে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক লেজুড়ভিত্তিক চর্চার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী সময়েও এগুলো আর কার্যকর করা হয়নি। ছাত্র সংসদ থাকার দরুণ বিশ্ববিদ্যালয়গুলোর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলোর আদর্শিক আধিপত্য থাকে। বামপন্থীরা যদিও সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করে কিন্তু ছাত্র সংসদ না থাকায় তাদের প্রতিনিধিত্ব করার জন্য একটি মঞ্চ দরকার, যে মঞ্চ অধিকারের রক্ষাকবচ হিসাবে কাজ করে সেটি নেই। ছাত্র সংসদ না থাকায় বামপন্থী রাজনীতির এক ধরনের দুর্দশা বিরাজ করছে।’

স/বি