নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর রাজপাড়া থানার গোবিন্দপুর ওয়াপদা মাঠে বৃহস্পতিবার সকাল থেকে ফের বসেছিল জুয়াড়িদের আসর। তাসের মাধ্যমে চলা এই আসরটি এর আগেও সেখানে বসানো হত। তবে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পরে সেখানে অভিযান চালানোর কারণে মাঝে কয়েকদিন ওই আসরটি বন্ধ হয়ে যায়।
একটি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ধারী মোস্তাকিন নামের এক ব্যক্তি ওই জুয়ার আসরটির নিয়ন্ত্রণ করেন। তবে গত ৪ জুলাই অভিযানের পর মাঝে কয়েকদিন বন্ধ থাকলেও তার নেতৃত্বেই বৃহস্পতিবার সকালে ফের বসে ওই আসরটি।

সূত্র মতে, ধারালো হাসুয়াসহ দেশিয় তৈরী অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ওই আসরটি বসান মোস্তাকিন। তার উদ্দেশ্য ছিল যে বাহিনীই অভিযান চালাবে, তাদেরকে আগে আঘাত করে পালাবেন জুয়াড়িরা। যেন কাউকে ধরতে না পারে পুলিশসহ কোনো বাহিনী।
তবে দুপুরের দিকে সাদা পোশাকধারী কয়েকজন লোক ওয়াপদার মাঠ এলাকার দিকে যেতে দেখে ওই জুয়াড়িরা আসর ছেড়ে উঠে পালানোর চেষ্টা করে। এসময় জুয়ার আসরের পাশেই একটি পেঁপে গাছের জমি দিয়ে পালানোর সময় আতঙ্কিত জুয়াড়িরা অন্তত ৩০টি পেঁপে গাছ ভেঙে ফেলেন।
স্থানীয় আইয়ুব আলী নামের এক ব্যক্তির ছেলের জমিতে রোপনকৃত ওই পেঁপে গাছগুলোতে এরই মধ্যে পেঁপেও ধরেছে বেশ। তবে জুয়াড়িরা সেই পেঁপে গাছগুলোর মধ্যে অন্তত ৩০টি গাছ ভেঙে ফেলায় বিষয়টি নিয়ে আইয়ুব আলীর ছেলে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান হড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে অভিযোগও করেছেন। এ নিয়ে দুই-একেই শালিস বৈঠকও অনুষ্ঠিত হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, অভিযানে আগে এই গোবিন্দপুর ওয়াপদা মাঠের জুয়ার এই আসরে প্রতিদিন অন্তত ২০ লাখ টাকার লেনদেন হতো। এখন রাজশাহী নগরীর উপশহরে, কোর্ট কাঁচাবাজার, ডাশপুকুর মোড়ে বসে বড় জুয়ার আসর। এসব আসরগুলোতে এখনো লাখ লাখ টাকার জুয়া খেলা হয়।
স/আর










