সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রেমিককে সারপ্রাইজ দিতে গিয়ে নিজের প্রাণটাই হারালেন ব্রাজিলের মহিলা রোজমেয়ার ডু নাসিমেন্টো সেলভা। সাদা গাউন পরে নববধূর সাজে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই আলতার-এ অপেক্ষা করছিলেন প্রেমিক উডিরলি দামাসকেনো। সেখানেই বিয়ের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা ছিল।
প্রেমিকের কাছে পৌঁছনোর জন্য চপারে করে যাচ্ছিলেন তিনি। ঠিক যেন রূপকথার গল্প। কিন্তু হঠাৎই যান্ত্রিক গোলযোগ হওয়ার ফলে হেলিকপ্টারটি ক্র্যাশ করে যায়। গন্তব্যস্থল থেকে কয়েক মাইল দূরেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। পাশেরই একটি ফুটবল মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করার কথা ছিল। ঠিক সময়ে সেটি ল্যান্ড না করায়, চিন্তিত হয়ে পড়েন আত্মীয়রা। কিছু পড়েই তাঁরা জানতে পারেন মৃত্যু হয়েছে কনের।
বিমানের মধ্যে রোজমেয়ার ছাড়া ছিলেন তাঁর ভাই, একজন মহিলা ফোটোগ্রাফার ও পাইলট। ‘মিরর’-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, হেলিকপ্টারে উপস্থিত চার জনই মৃত। ওই ফোটোগ্রাফার ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা গিয়েছে। পুরো ঘটনাটিরই ভিডিও এখন ভাইরাল।

কী কারণে হেলিকপ্টারটি ক্র্যাশ করল, তা খতিয়ে দেখছে পুলিশ। গন্তব্যস্থলে পৌঁছতে ১৫ মিনিট সময় লাগার কথা ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, খারাপ আবহাওয়া, কুয়াশা ও বৃষ্টির ফলেই ঘটনাটি ঘটে।










