জাতীয়

ইলিশ ‘উপহার’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

 

সিল্কিসিটিনিউজ ডেস্ক :

ভোলার মনপুরার মেঘনা নদীতে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রাম ওজনের সেই ইলিশটি উপহার হিসেবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা কোরবান আলী বেপারীর কাছ থেকে ইলিশ গ্রহণ করেন।

 

প্রধানমন্ত্রীকে ইলিশ উপহার দিতে শুক্রবার সাড়ে ১২টার দিকে গণভবনে মূল ফটকের সামনে পৌঁছান কোরবান আলী। সেখানে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তিনি গণভবনে প্রবেশ করেন।

 

এর আগে গত বুধবার বিকেলে স্থানীয় জেলে আক্তার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। ওই দিন সন্ধ্যায় তিনি ৩ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে নিয়ে যান। ইলিশটি দেখার পর মাছ ব্যবসায়ীসহ উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়।

 

পরবর্তী সময়ে আলমগীর মেম্বারের আড়তে মাছটি নিয়ে গেলে নিলামে ১২ হাজার ২০০ টাকায় সেটি কিনে নেন এই কোরবান আলী বেপারী। ওই সময় মাছটি কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে আড়তে ফোন আসতে থাকে। অনেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাম বলেন। কোরবান আলী ইলিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য কিনে নেন।

 

বৃহস্পতিবার দুপুরে এমভি ফারহান-৪ লঞ্চে করে ইলিশটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন কোরবান আলী ব্যাপারী।

সূত্র :রাইজিংবিডি