সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর ধানমন্ডির একটি শপিংমলে গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের অভিযোগ, আনুমানিক প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র্যাংকস প্লাজা নামে ওই শপিংমলের নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ অচেতন করা হয়। এরপর দোকানের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে।
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে পুলিশ সন্দেহ করছে। শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিংমলের দুজন আছেন। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিংমলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।
জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।










