সিল্কসিটিনিউজ ডেস্ক:
এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটি ম্যানিলার পাসাই সিটির নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের বালাগবাগ র্যাম্প এরিয়ায় অবতরণ করে।
বিমাবন্দরে জাঁকজমকপূর্ণ ও আনুষ্ঠানিক অভ্যর্থনায় ট্রাম্পকে স্বাগত জানানো হয়। ফিলিপাইনের এক্সিকিউটিভ সেক্রেটারি রাল্ফ রেকটো, ফিলিপাইনের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ছেলে স্যান্ড্রো মার্কোস, ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে ম্যানুয়েল বেব রোমুয়ালদেজ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান। আলাস্কায় জ্বালানি নেওয়ার বিরতিসহ ওয়াশিংটন থেকে প্রায় ১৮ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে ট্রাম্প ম্যানিলায় পৌঁছান ট্রাম্প।

ট্রাম্পের এশিয়া সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়গুলোই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
তবে তার আগমনের আগে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেছে।
ম্যানিলায় ট্রাম্প ৪৯তম আসিয়ান সম্মেলন অংশ নেবেন। আগামীকাল ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। ২০১৭ সালের পর এটিই ফিলিপাইনে তার প্রথম সফর।
ফিলিপাইন সফর শেষে ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেন শহরের উদ্দেশে যাত্রা করবেন। চীনে অবস্থানকালে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি চিনপিংয়ের সঙ্গে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ত্রিপক্ষীয় বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি সপ্তাহে চীনে উপস্থিত হলে তার সঙ্গে বৈঠক হতে পারে বলে ট্রাম্প মন্তব্য করেছেন।
পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার পৃথক একান্ত বৈঠকে তিনি এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার কথিত এক চরের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর এটিই ট্রাম্পের প্রথম বিদেশ সফর।
সূত্র: সিএনএন










