সদ্য প্রকাশিত
ছবিঘর

দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন দিন দিন বেড়েই চলেছে। গল্পের ভিন্নতা, শিল্পীদের সাবলীল অভিনয় আর একের পর এক নাটকীয় মোড়—সব মিলিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে নাটকটি।

শুধু পাকিস্তানেই নয়, ভারত, নেপাল, বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে এর জনপ্রিয়তা। দর্শকদের বিপুল সাড়া বিবেচনায় নিয়ে এবার নাটকটির পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাটকটির মোট পর্বসংখ্যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও।

তার দেওয়া তথ্য অনুযায়ী, শুরুতে ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা ছিল। তবে দর্শকদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাটকটির পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।
নিজের ভ্লগে সোনিয়া রাও জানান, নাটকটি শিগগিরই শেষ হয়ে যাবে ভেবে যারা মন খারাপ করছেন, তাদের আপাতত হতাশ হওয়ার কারণ নেই।

প্রচারের জন্য এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তা একইভাবে অব্যাহত থাকলে পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে নাটকটির পরবর্তী পর্বগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। অনেকেই জানিয়েছেন, ‘দার-ই-নিজাত’-এর গল্প তাদের এতটাই ভালো লেগেছে যে প্রয়োজনে হাজার পর্বও দেখতে রাজি তারা। তবে সবার মত অবশ্য এক নয়।

দর্শকদের একাংশের আশঙ্কা, জনপ্রিয়তার কারণে গল্প অযথা দীর্ঘ করা হলে হারিয়ে যেতে পারে নাটকটির মূল আকর্ষণ ও আবেদন।
উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘দার-ই-নিজাত’। থ্রি এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটালে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে এটি।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে জারিয়াব ও আবু বকরের ভালোবাসা এবং তাদের জীবনের নানা উত্থান-পতনকে ঘিরে। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান সেলিম। বাড়তি পর্বে তাদের সম্পর্কের গল্প কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার অপেক্ষায় দর্শকরা।