সিল্কসিটিনিউজ ডেস্ক:
শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে নজরদারি ও টহল জোরদার করতে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি), ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা।

এসব প্রযুক্তির সমন্বয়ে সীমান্ত নিরাপত্তায় বিশেষ মহড়া চালিয়েছে বিজিবি।
শনিবার (১৪ নভেম্বর) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোকোনা এলাকায় ৩৯ বিজিবির (ময়মনসিংহ ব্যাটালিয়ন) হলদীগ্রাম বিওপির আওতাধীন শূন্যরেখায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর আশিক ইকবাল ও হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মহড়ায় ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরো কার্যকর হবে বলে তারা আশাবাদী।
সীমান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










