সিল্কসিটিনিউজ ডেস্ক:
খুলনায় মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে নগরীর মিয়া পাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাবার নাম মোজাম্মেল হক।

মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সূত্র: ঢাকা পোস্ট









