সিল্কসিটিনিউ ডেস্ক:
কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে হোটেল সি পার্ল-এর এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে জালিয়া পালং ইউনিয়নের শফির বিল এলাকায় ছালামতের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণখানের কাঁঠালতলা এলাকার কামাল হোসেনের মেয়ে।

ভাড়া বাসার মালিক ছালামত উল্লাহ জানান, গত তিন দিন ধরে তার কক্ষ ভেতর থেকে বন্ধ দেখা যায়। বুধবার সকালে দরজার কড়া নাড়লেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (রয়েল টিউলিপ)’-এ গত ১ বছর ধরে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









